পশ্চিবঙ্গে নির্বাচন
মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান বিজেপির
তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জীর গাড়ির সামনে ‘চোর চোর’ স্লোগান তুললেন বিজেপির কর্মী-সমর্থকরা। সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৩টার কিছু পরে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে পৌঁছান মমতা। সেখানে আগে থেকেই বিজেপি কর্মীদের জটলা ছিল। মমতা পৌঁছানোর আগেই উত্তেজনা ছড়িয়েছিল সেখানে। মমতার গাড়ি পৌঁছাতেই ‘চোর চোর’ স্লোগান তোলেন বিজেপির কর্মী-সমর্থকরা।
মমতা সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছানোর কিছু আগেই গণনাকেন্দ্রের অদূরে একটি পেট্রোল পাম্পে বসেছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও সেখানে ছিলেন। পরে জানা যায়, পুলিশ তৃণমূল কর্মীদের সেখান থেকে উঠে যেতে বলে। যদিও ওই সময়ে তৃণমূলের রাজ্য সভাপতি সেখানে ছিলেন কি না, তা স্পষ্ট নয়। এর কিছুক্ষণ পরেই এজেসি বোস রোড ধরে এগিয়ে আসা বিজেপি সমর্থকদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় পুলিশের। পরে বিজেপির কর্মী-সমর্থকরা তৃণমূলের জমায়েতস্থলে পৌঁছেন। তৃণমূল কর্মীদের পেতে রাখা চেয়ার ভাঙচুরেরও অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
উত্তেজনা বৃদ্ধি পেতেই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনাকেন্দ্রের চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা বাড়ানো হয় গণনাকেন্দ্রের কাছে। এর মধ্যেই বিজেপি সমর্থকরা মমতার বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগান তুলতে থাকেন। ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও। গণনাকেন্দ্রের কাছে মোতায়েন পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উত্তেজিত বিজেপি সমর্থকদের সামাল দেওয়ার চেষ্টা করেন ও একপর্যায়ে দূরে সরিয়ে দেন।
ভবানীপুর আসনে মোট ২০ রাউন্ড গণনা বাক রয়েছে। প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত ২০টির মধ্যে ১২টি রাউন্ডের ফল ঘোষণা হয়েছে। গণনাপর্বে সকাল থেকে দৃশ্যত হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভবানীপুরে। প্রথম দিকে কখনো মমতা, কখনো শুভেন্দু এগিয়ে ছিলেন। তার পরের বেশ কয়েকটি রাউন্ডে এগিয়ে যান মমতা। আবার কিছু রাউন্ডে ব্যবধান কমাতে শুরু করেন শুভেন্দুও। যদিও গণনা শেষ হতে এখনো অনেকটা সময় বাকি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এসএএইচ