একাংশের দাবি
তৃণমূল কংগ্রেসের পরাজয়ে দায়ী মমতার ভাতিজা অভিষেক ব্যানার্জি
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে মমতার তৃণমূল কংগ্রেস। নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে তীব্র অসন্তোষ ও ভাঙন স্পষ্ট হচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির একাংশ নেতারা তৃণমূল কংগ্রেসের এই পরাজয়ের জন্য সরাসরি দায়ী করেছেন মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জি-কে। এরই মধ্যে তৃণমূলের একের পর এক নেতার তোপের মুখে পড়েছেন অভিষেক ব্যানার্জি।
কোচবিহারের সাবেক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে মালদহের সাবেক পর্যটন ও খাদ্যপ্রক্রিয়াকরণ মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রীসহ বহু নেতার সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অভিষেক ব্যানার্জি। তৃণমূলের নেতা-নেত্রীরা অভিষেকের কর্পোরেট স্টাইল ও আইপ্যাক নির্ভরতার সমালোচনা করে সরাসরি বিস্ফোরক মন্তব্যে করেছেন।
সাবেক পর্যটন ও খাদ্যপ্রক্রিয়াকরণ মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ- অভিষেক এবং তার দলের অভ্যন্তরীণ করপোরেট সংস্কৃতি-কে দায়ী করেছেন।
কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, শুধু মালদাতেই নয়, সমগ্র পশ্চিমবঙ্গের দলের পরাজয়ের জন্য অভিষেক ব্যানার্জি একাই দায়ী।
কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কথায়, যদি বলা যায় দলটাকে তিলে তিলে শেষ করেছে একজন সেটা অভিষেক ব্যানার্জি। আমার খুব কষ্ট লাগছে, আমরা যখন সবাই টিভিতে দেখছিলাম যে মমতা ব্যানার্জিকে লাঞ্ছিত করা হচ্ছে। তার জামাকাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে এটা কিন্তু আগে কখনো আমরা দেখিনি। আগেও যারা মুখ্যমন্ত্রী ছিলেন পরাজয়ের পর প্রফুল্ল সেন, বিধান রায়, অজয় মুখার্জি, জ্যোতিবাবু-বুদ্ধবাবু এইরকম আমরা দেখিনি।
এই তৃণমূলের এই করুণ পরিস্থিতির জন্য দায়ীকে? সাবেক পর্যটন ও খাদ্যপ্রক্রিয়াকরণ মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন পষ্ট জবাব, এর জন্য দায়ী একজন অভিষেক ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর কোনো উপায় নাই মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্রের মতো হয়ে গেছে।
কোচবিহারের সাবেক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসে আমি নানাভাবে হেনস্তা, অপমানিত হয়েছি। দলটাকে নিজের হাতে তৈরি করার জন্য,শেষ পর্যন্ত টানা তিন বার আমার নাম কেটে দেওয়া হয়েছে। তার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। যাদের হাতে দল চলে গিয়েছিল সেখান থেকে দল ফিরিয়ে আনার সম্ভাবনাও ছিল না। এই পরিস্থিতির জন্য একজই দায়ী তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় ব্যক্তি (অভিষেক ব্যানার্জি)।
এবার তৃণমূল কংগ্রেসের পরাজয়ে সরাসরি তোপ দেখিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-এর মেয়ে প্রিয়দর্শনী হাকিম। মমতা ব্যানার্জি-কে ধৃতরাষ্ট্র বলেন তিনি। একই সঙ্গে অভিষেক ব্যানার্জিকে দুর্যোধন বলেও খোচা দেন প্রিয়দর্শনী হাকিম।
ফিরহাদ হাকিম-এর মেয়ে প্রিয়দর্শনী হাকিম বলেন, মমতা ব্যানার্জি ব্যক্তিগতভাবে অভিষেক ব্যানার্জির প্রতি অতিরিক্ত দুর্বল, আর সেই কারণেই আজ দলের এই বেহাল দশা। মমতা এখন অন্যের কথায় ওঠেন বসেন। দলের দীর্ঘদিনের সেনাপতিদের চেয়েও নবীন প্রজন্মের কথাকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। অতীতেও পরিবর্তনের কারণে বড় বড় সাম্রাজ্যের পতন হয়েছে। চোখে ঠুলি বেঁধে থেকো না। কান দিয়ে দেখোনা।
তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর একের পর এক নেতা-নেত্রীর বিস্ফোরক মন্তব্যে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
ইতোমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা দিয়েছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। পশ্চিমবঙ্গের পরিষদীয় দলনেতা হিসাবে পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শনিবার ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী আর এন রবি শপথবাক্য পাঠ করাবেন শুভেন্দু অধিকারীকে।
শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গের হাজির হয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং , কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ বিজেপি শাসিত রাজ্যের বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী।
ডিডি/কেএম