ট্রাম্প-শি বৈঠক
তাইওয়ানের ‘স্বাধীনতা ও শান্তি’ ‘আগুন-পানি’র মতো বিপরীত
মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। এমন সংকটময় মুহূর্তে বুধবার (১৩ মে) চীন সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরে বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ছাড়াও ইরান যুদ্ধ, রাশিয়ার বিষয়ে আলোচনা হবে। তবে ট্রাম্প-শি বৈঠকের কেন্দ্রে রয়েছে তাইওয়ান ইস্যু। এ বিষয়ে একদমই ছাড় না দেওয়া এবং মার্কিন-চীন সম্পর্কের সূচক বলে সফরের প্রস্তুতির আগেই বিবৃতি দিয়েছে বেইজিং।
বৃহস্পতিবার(১৪ মে) বেইজিংয়ে বৈঠক করেছেন শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে ‘বড় অভিন্ন স্বার্থ’।
শি জিনপিং বলেন, তাইওয়ান প্রশ্নই চীন–যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি সঠিকভাবে পরিচালিত হলে দুই দেশের সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল থাকবে।
অন্যথায়, দুই দেশের মধ্যে সংঘাত দেখা দিতে পারে, এমনকি সরাসরি দ্বন্দ্বও সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতির পুরো দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলবে বলে সতর্ক করেন গণচীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
শি জিনপিং আরও জোর দিয়ে বলেন, ‘তাইওয়ানের স্বাধীনতা’ এবং তাইওয়ান প্রণালিতে ‘শান্তি’-এ দুটো আগুন ও পানির মতো একে অপরের সম্পূর্ণ বিপরীত এবং কখনও একসঙ্গে সহাবস্থান করতে পারে না।
সূত্র: সিনহুয়া
কেএম