তামিলনাড়ুতে ৭০০’রও বেশি মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১২ মে ২০২৬
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়/ ছবি: এএফপি

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয় রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান, উপাসনালয় ও বাস টার্মিনালের আশপাশে থাকা ৭১৭টি রাষ্ট্রীয় মালিকানাধীন মদের দোকান (টাসম্যাক শপ) বন্ধের নির্দেশ দিয়েছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে এসব দোকান বন্ধ করতে বলা হয়েছে।

সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্ধের নির্দেশ পাওয়া ৭১৭টি দোকানের মধ্যে ২৭৬টি বিভিন্ন উপাসনালয়ের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত। এছাড়া ১৮৬টি দোকান রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে ও ২৫৫টি বাস টার্মিনালের আশপাশে।

তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন (টাসম্যাক) বর্তমানে রাজ্যজুড়ে মোট ৪ হাজার ৭৬৫টি খুচরা মদের দোকান পরিচালনা করছে।

রাজ্যে দীর্ঘদিন ধরেই বিশেষ করে নারীদের পক্ষ থেকে এবং কয়েকটি রাজনৈতিক দলের তরফে সব মদের দোকান বন্ধের দাবি জানানো হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই বিজয়ের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

গত ১০ মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সি জোসেফ বিজয়। তার সঙ্গে আরও নয়জন মন্ত্রিসভার সদস্যও শপথ নেন।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই মুখ্যমন্ত্রী বিজয় তিনটি গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেন। এর মধ্যে একটি ছিল গৃহস্থালি গ্রাহকদের জন্য বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত। যারা দুই মাসে সর্বোচ্চ ৫০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তারা এই সুবিধা পাবেন।

চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ অনুষ্ঠান শেষে ভক্ত-সমর্থকদের উপস্থিতিতে এসব ফাইলে স্বাক্ষর করেন বিজয়।

সূত্র: দ্য হিন্দু

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।