কয়লা-পাম তেল রপ্তানি নিয়ন্ত্রণ করবে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৪ এএম, ২০ মে ২০২৬
কয়লা-পাম তেল রপ্তানি নিয়ন্ত্রণ করবে ইন্দোনেশিয়া/ ফাইল ছবি: এএফপি

প্রাকৃতিক সম্পদ রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ঘোষণা করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে তৈরি অর্থনৈতিক চাপ মোকাবিলা এবং রাজস্ব বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পার্লামেন্টে দেওয়া বক্তব্যে প্রাবো বলেন, ভবিষ্যতে সব ধরনের প্রাকৃতিক সম্পদের রপ্তানি (প্রথম ধাপে অপরিশোধিত পাম তেল, কয়লা ও লৌহজাত সংকর ধাতু) সরকার মনোনীত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে।

তিনি বলেন, এর অর্থ হলো, প্রতিটি রপ্তানি বিক্রির অর্থ সরকার নির্ধারিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মাধ্যমে ওই কার্যক্রম পরিচালনাকারী ব্যবসা প্রতিষ্ঠানের কাছে পৌঁছাবে।

প্রাবো বলেন, এই নতুন নীতিমালার মাধ্যমে রাষ্ট্রের কর রাজস্ব আরও কার্যকরভাবে আদায় করা সম্ভব হবে। একই সঙ্গে তিনি ইন্দোনেশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আশাবাদী প্রতিবেদনও উপস্থাপন করেন।

তিনি বলেন, এই বিধিমালা জারি করা আমাদের প্রাকৃতিক সম্পদভিত্তিক রপ্তানি পণ্যের সুশাসন জোরদারের একটি কৌশলগত পদক্ষেপ।

তিনি আরও বলেন, এই নীতির মূল উদ্দেশ্য হলো তদারকি ও নজরদারি শক্তিশালী করা এবং কর কম দেখানো, কম মূল্য দেখিয়ে চালান তৈরি, ট্রান্সফার প্রাইসিং এবং রপ্তানি আয়ের অর্থ বিদেশে পাচারের মতো কর্মকাণ্ড বন্ধ করা।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।