এবারও তাজমহল দেখা হচ্ছে না ওবামার
এবারও তাজমহল দেখা হচ্ছে না মর্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। সৌদি আরবের বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুতে শোক জানাতে সৌদি যাচ্ছেন ওবামা। এজন্য ভারত সফরকালে তাজমহল দেখতে আগ্রা যাওয়ার পূর্বনির্ধারিত পরিকল্পনা বাতিল করা হয়েছে।
আগ্রার জেলা ম্যাজিস্ট্রেট পঙ্কজ কুমারকে উদ্ধৃত করে এনডিটিভি এ খবর জানিয়েছে। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র বা ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
উত্তর প্রদেশ রাজ্যের মুখ্য সচিব নবনীত সেগাল জানান, ওবামার আগ্রা সফর বাতিল করায় এরইমধ্যে মার্কিন নিরাপত্তা দল আগ্রা থেকে চলে গেছে।
আগ্রার জেলা ম্যাজিস্ট্রেট পঙ্কজ কুমার জানান, ২৭ জানুয়ারি আগ্রা আসার পরিকল্পনাটি বাতিল করেছেন ওবামা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে রোববার তিন দিনের সফরে ভারত আসছেন ওবামা। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকছেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। তবে থাকছে না দুই মেয়ে সাশা ও মালিয়া।
২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ওবামা।
সফরের শেষ দিন ২৭ জানুয়ারি ওবামা ও মিশেলের তাজমহল দেখতে আগ্রা যাওয়ার কর্মসূচি নির্ধারিত। এখন বলা হচ্ছে, ওই পরিকল্পনাটি বাতিল করা হয়েছে।
ওবামার ভারত সফরকে কেন্দ্র করে অভূতপূর্ব নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানী নয়াদিল্লিকে রাখা হয়েছে সুতীক্ষ্ণ নজরদারিতে। নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের গোয়েন্দারা একসঙ্গে কাজ করছেন। ভারতের রাজধানীর অবস্থা অনেকটা কারফিউ জারি করা শহরের মতো। ‘বিস্ট’ নামে পরিচিত মার্কিন প্রেসিডেন্টের অতি সুরক্ষিত লিমুজিন গাড়িটি ইতিমধ্যে ভারতে এসে পৌঁছেছে।
এএইচ