দিল্লি বিধানসভার ভোট গ্রহণ শুরু
ভারতের দিল্লি বিধানসভার নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়।
ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ভোটের ফল গণনা হবে ১০ ফেব্রুয়ারি। মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হবে বলে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে বলা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনে লড়াই হবে মূলত প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কিরণ বেদী ও আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে।
নির্বাচনে এএপি জিতলে মুখ্যমন্ত্রী হবেন দলীয় প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি জয়ী হলে দিল্লির শীর্ষ পদটি পাবেন কিরণ বেদী। নির্বাচনে ৭২ শতাংশ ভোট পড়তে পারে।
৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৭৩ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬৩ জন। ভোটার সংখ্যা প্রায় ১ কোটি ৩৩ লাখ। ১১ হাজার ৭৬৩টি কেন্দ্রে ভোট নেয়া হচ্ছে।
বিএ/এমএস