ইরান যুদ্ধের প্রভাব

বন্ধ হয়ে গেলো মার্কিন স্পিরিট এয়ারলাইনস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০২ মে ২০২৬
ছবি: স্পিরিট এয়ারলাইনস

সরকারি সহায়তা (বেইলআউট) পাওয়ার কোনো চুক্তি না হওয়ায় কার্যক্রম বন্ধ করছে মার্কিন স্বল্পমূল্যের বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইনস। শনিবার (২ মে) ভোরে মার্কিন এই বিমান সংস্থার পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য হিল।

প্রতিষ্ঠানটির মূল কোম্পানি স্পিরিট অ্যাভিয়েশন হোল্ডিংস জানিয়েছে, তারা সুশৃঙ্খলভাবে কার্যক্রম গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং সব ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কোম্পানি বলেছে, গ্রাহকরা টিকিটের অর্থ ফেরত পাবেন। তবে অন্য কোনো এয়ারলাইন্সে নতুন ফ্লাইট বুকিংয়ে সহায়তা করা হবে না।

স্পিরিটের প্রেসিডেন্ট ও সিইও ডেভ ডেভিস জানান, কোম্পানি পুনর্গঠনের একটি পরিকল্পনায় একমত হলেও সাম্প্রতিক সময়ে জ্বালানির দাম হঠাৎ ও ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত কার্যক্রম বন্ধ করা ছাড়া তাদের আর কোনো বিকল্প ছিল না।

তিনি বলেন, ব্যবসা চালিয়ে যেতে শত শত মিলিয়ন ডলারের অতিরিক্ত তারল্য প্রয়োজন ছিল যা স্পিরিটের কাছে ছিল না এবং জোগাড় করাও সম্ভব হয়নি। এটি অত্যন্ত হতাশাজনক।

উল্লেখ্য, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলি যৌথ বাহিনীর হামলা শুরুর পর থেকে তেলের দাম বেড়েছে। এর মূল কারণ তেল রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ নৌ-পথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল-গ্যাস রপ্তানি ব্যাহত হয়েছে।

ডেভ ডেভিস ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, চাকরি রক্ষা ও সেবা অব্যাহত রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, প্রায় ৫০০ মিলিয়ন ডলারের সম্ভাব্য বেইলআউট নিয়ে আলোচনা চলছিল, তবে তা চূড়ান্ত হয়নি।

সংস্থাটি জানায়, ২০২০ সালের পর থেকে কোভিড-১৯ মহামারির প্রভাব, বাড়তি পরিচালন ব্যয় ও ঋণের চাপ মিলিয়ে তারা ২৫ বিলিয়ন ডলারের বেশি ক্ষতির মুখে পড়ে। ২০২৪ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটি দেউলিয়া সুরক্ষা (চ্যাপ্টার ১১) আবেদন করেছিল।

এদিকে মার্কিন আইনপ্রণেতাদের একাংশ সরকারি বেইলআউটের বিরোধিতা করে বলছেন, এতে করদাতাদের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হয় না এবং বাজারে প্রতিযোগিতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশ্লেষকদের মতে, স্পিরিট এয়ারলাইন্সের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন খাতে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে স্বল্পমূল্যের বিমান ভ্রমণ সুবিধার ক্ষেত্রে এটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করছে বিশেষজ্ঞরা।

কেএম 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।