শপথ শনিবার, যেতে চান শিবসেনাপ্রধান!


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

বিপুল বিজয়ের পর ভারতের রাজধানী নয়া দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। শনিবার ৪৬ বছর বয়স্ক কেজরিওয়াল ও তার মন্ত্রিসভা শপথ নেবেন বলে ধারণা করা হচ্ছে। এনডিটিভির খবর অনুযায়ী নির্বাচনে কেজরিওয়াল ৭০টির মধ্যে ৬৭টিতে জয়ী হয়েছেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি পেয়েছে মাত্র তিনটি।
 
এদিকে নিমন্ত্রণ পেলে কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার প্রধান উদ্ধাব ঠাকরে। বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি) বিপুল আসন পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে উদ্ধাব এ কথা বলেন।  

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, নির্বাচনে মিত্র দল বিজেপির ভরাডুবির পর অরবিন্দ কেজরিওয়ালকে ফোনে অভিনন্দন জানান উদ্ধাব ঠাকরে। এ সময় তিনি কেজরিওয়ালকে পদত্যাগ না করতেও অনুরোধ করেন।

কেজরিওয়াল দিল্লির রাজলীলা ময়দানে শপথ গ্রহণ করবেন। ওই মাঠেই তিনি ২০১১ সালে গান্ধীবাদি আন্না হাজারের সঙ্গে দুর্নীতিবিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন। এদিকে বিজেপির ভরাডুবির পর কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে চায়ের আমন্ত্রণও জানিয়েছেন তিনি।

শিবসেনা প্রধান বলেন, জনগণ প্রমাণ করেছে ঢেউয়ের চেয়ে সুনামি অনেক বড়। জনগণই সর্বময় ক্ষমতার অধিকারী। এ বিষয়ে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। তিনি বলেন, এএপির জয় বিজেপি, শিবসেনাসহ সব রাজনৈতিক দলের কাছে একটি সতর্কবার্তা। ইন্ডিয়ান এক্সপ্রেস এর খবরে বলা হয়, নির্বাচনে পরাজয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন শিবসেনাপ্রধান। তিনি বলেন, আমি মনে করি এই হারের দায় মোদির।

ভারতের মহারাষ্ট্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের শরিক দল শিবসেনা। তবে দলটির সঙ্গে বিজেপির প্রায়ই বাদানুবাদ লেগে থাকে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।