প্রথমবার চঞ্চলের বিপরীতে কলকাতার পৌলমী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০৩ মে ২০২৬
প্রথমবার চঞ্চলের বিপরীতে কলকাতার পৌলমী

বাংলাদেশ ও টালিউড- দুই ইন্ডাস্ট্রিতেই ব্যস্ত সময় পার করছেন চঞ্চল চৌধুরী। একের পর এক ভিন্নধর্মী কাজে নিজেকে প্রমাণ করা এই অভিনেতা এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ‘আজাদি’ সিনেমায়। এতে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী পৌলমী দাস।

নির্মাতা সুমন মুখোপাধ্যায় পরিচালিত ‘আজাদি’ সিনেমার শুটিং শেষ হয়েছে গত মার্চে। এর আগে ব্রাত্য বসুর ‘শেকড়’ সিনেমায় কাজ করে আলোচনায় ছিলেন চঞ্চল।

‘আজাদি’ নির্মিত হয়েছে ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে। গল্পে উঠে আসবে কলকাতা ও ঢাকার মধ্যকার সরকারি কর্মীদের স্থানান্তর এবং সেই সময়কার সামাজিক-মানবিক টানাপোড়েন। সিনেমায় চঞ্চল চৌধুরীকে দেখা যাবে সেলিমউল্লাহ নামের এক মুসলিম পুলিশ কর্মকর্তার চরিত্রে। তিনি একটি রহস্যজনক খুনের তদন্তে নামেন। দেশভাগের অস্থির সময়ের মাঝেই উন্মোচিত হতে থাকে সেই রহস্য।

চঞ্চল বলেন, এটি একটি গভীর মানবিক গল্প, যেখানে দেশভাগের বাস্তবতা ও মানুষের ভেতরের দ্বন্দ্ব উঠে এসেছে। অন্যদিকে প্রথমবার চঞ্চলের সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত পৌলমী দাস। তার মতে, গল্প, নির্মাণ ও চরিত্র মিলিয়ে ‘আজাদি’ দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে।

ছোট পর্দার জনপ্রিয় মুখ পৌলমী ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পান। এরপর ওটিটি ও সিনেমাতেও কাজ করেছেন তিনি। চঞ্চলের সঙ্গে তার এই নতুন জুটি দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘আজাদি’ সিনেমাটি প্রথমে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। এরপর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।