আর্জেন্টিনায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০


প্রকাশিত: ০৪:২১ এএম, ১০ মার্চ ২০১৫

আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় যাত্রীবাহী দুই হেলিকপ্টারের মধ্যকার সংঘর্ষে ১০ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। হেলিকপ্টার দুটি একটি টেলিভিশন অনুষ্ঠানের চিত্র ধারণ করছিল।

নিহতদের মধ্যে অলিম্পিকে সোনা বিজয়ী ফরাসি সাতারু ক্যামিলে মুফাত ও ব্রোঞ্জ বিজয়ী বক্সার এলেক্স ভেস্টিন রয়েছেন বলে নিশ্চিত করেছে ফ্রান্স প্রেসিডেন্ট কার্যালয় সূত্র।

মঙ্গলবার আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স থেকে এক হাজার একশো ৭০ কিলোমিটার দূরে ভিলা ক্যাসল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় টিএফআই নামের এক টিভি রিয়ালিটি শো’য়ের শুটিংয়ে অংশ নেয়ার সময় ওই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স ও বিবিসি।

বিমান দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জান যায়নি। স্থানীয় আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, দুর্ঘটনার স্থানটি পাহাড়ি এলাকা। ওখানে আবহাওয়া ভাল রয়েছে। তবে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তা লা রিওজা।

ঘটনাস্থলে বৈমানিক বিশেষজ্ঞকে পাঠালে দুর্ঘটনার আসল কারণ জানা যাবে বলে তিনি জানান। ক্যামিলে মুফাত ২০১২ সালে অনুষ্ঠিত অলিম্পিকে সাতার প্রতিযোগিতায় তিনটি স্বর্ণ পদক এবং ২০০৮ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত অলিম্পিকস বক্সিং এ ব্রোঞ্জ পদক পান।

এসএইচএ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।