আইটি আইনের ৬৬এ ধারা অসাংবিধানিক : সুপ্রিম কোর্ট


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৪ মার্চ ২০১৫

তথ্যপ্রযুক্তি সংক্রান্ত ভারতীয় দণ্ড বিধির ৬৬এ ধারাটিকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট এ রায় দেন।

রায়ে বলা হয়, ২০০৯ সালে সংশোধিত ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৬এ ধারাটি বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী, তাই সার্বিকভাবেই এই আইন গণতন্ত্র বিরোধী।

সংবিধান অনুযায়ী সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার বিরোধী এই আইনটিকে ভারতীয় দণ্ড বিধি থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি আর এফ নরিমন এ রায় দেন।

রায়ে তিনি বলেন, ৬৬এ ধারা অসাংবিধানিক এবং আমাদের এটি বাতিল করতে কোনো দ্বিধা নেই। ৬৬এ ধারার মাধ্যমে জনগণের জানার অধিকার সরাসরি ক্ষতিগ্রস্থ হচ্ছে।

যদিও শীর্ষ আদালত জানিয়েছে কোনও ওয়েবসাইট যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, হিংসা ছড়ায় বা ভারতের সঙ্গে অনান্য দেশের স্বাভাবিক সম্পর্ক নষ্ট করে, সেই ওয়েবসাইটগুলোকে সরকার চাইলে বন্ধ করতে পারবে।

৬৬এ ধারা অনুযায়ী, অত্যন্ত অশোভন বা আপত্তিজনক. কোনও বক্তব্য বিভিন্ন যোগাযোগের মাধ্যম, যেমন সোশ্যাল মিডিয়া, টেক্সট মেসেজ বা ভিডিওর মাধ্যমে পাঠালে তা প্রচার করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হত।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।