খাল খনন শেষ হলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে: পানি সম্পদ মন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ০৭ মে ২০২৬

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে কমপক্ষে বিশ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এই কার্যক্রম শেষ করা সম্ভব হলে বাংলাদেশ একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে উঠবে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকায় হোসেন্দী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর পুনরায় খাল খনন কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষি কাজে সহায়তা এবং মৎস্য চাষের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এই কর্মসূচির মাধ্যমে।

এ্যানি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল খাল বাঁচানোর একটি আন্দোলন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। ফলে খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে দেশে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে। পাশাপাশি কৃষির উন্নয়ন এবং পরিবেশগত উন্নতি হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, এক সময় দেশে অনেক বড় বড় খাল ছিল, যেগুলো অনেকটা নদীর মতো। সেসব জায়গায় পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সেগুলো সরু হয়েছে। শিল্প কলকারখানা গড়ে উঠেছে। বর্জ্যের স্তূপ হয়েছে। বিভিন্ন স্থানে অবৈধভাবে খাল দখল হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমি মাহবুব, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ প্রমুখ।

শুভ ঘোষ/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।