খাগড়াগড় কাণ্ডের চার্জশিটে ৪ বাংলাদেশি
ভারতের পশ্চিমবঙ্গের খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের চার্জশিট পেশ করেছে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সোমবার কলকাতার নগরদায়রা আদালতে এ চার্জশিট পেশ করা হয়। বিস্ফোরণের ১৭৭ দিনের মাথায় পেশ করা এই রিপোর্টে রয়েছে চারজন বাংলাদেশিসহ ২১ জনের নাম।
জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ, প্রশিক্ষণ, নিয়োগ, নাশকতা এবং ষড়যন্ত্রসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এনআইএ এ পর্যন্ত গ্রেফতার করেছে ১৩ জনকে। পলাতক আটজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। চার্জশিটে ৪০০ জন সাক্ষীর নাম রয়েছে।
গত বছর ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ের একটি বাড়িতে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হয়। এ ঘটনায় মারা যান শাকিল গাজি ও করিম শেখ নামে দুই ব্যক্তি। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ দিলে ওই মাসের ৯ তারিখে এনআইএ ঘটনার তদন্তভার নেয়।
তদন্তে নেমে এনআইএর গোয়েন্দারা বাংলাদেশসহ দেশের বিভিন্ন রাজ্যের জঙ্গি কার্যকলাপের নেটওয়ার্কের কথা জানতে পারেন। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদসহ বেশ কয়েকটি জেলায় তারা গড়ে তুলেছে জঙ্গি শিবির। ভারতের যুবকদের প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে নাশকতা ঘটানোই লক্ষ্য ছিল জামায়াতুল-মুজাহিদিনের। এমনটাই দাবি করেছে এনআই।
ভারতের অাসাম, ঝাড়খণ্ড রাজ্যেও এর শিকড় রয়েছে বলে দাবি করেছেন গোয়েন্দারা। বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে উত্খাত করতেই পশ্চিমবঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র খুলেছে জামায়াত। লাগাতার জঙ্গিবিরোধী অভিযানে বাংলাদেশে প্রশিক্ষণ শিবির চালানো কঠিন হয়ে পড়ায় বেছে নিয়েছিল এই রাজ্যকে। জাতীয় তদন্তকারী সংস্থা অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ রোধ আইন বা ইউএপিএর পাশাপাশি দেশদ্রোহিতা, প্রতারণাসহ বিস্ফোরক, অস্ত্র আইনে একাধিক ধারায় মামলা দায়ের করেছে।
তদন্তে বাংলাদেশি জঙ্গিগোষ্ঠী জামায়াতুল মুজাহিদিন বাংলাদশের (জেএমবি) মডিউল ও স্লিপার সেলের খোঁজ পায় এনআইএ। এরপর গোয়েন্দারা জানতে পারেন, বর্ধমান ছাড়াও রাজ্যের বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, বীরভূম এবং অাসামের বরপেটা, সাহিবগঞ্জ ও ঝাড়খণ্ডের পাকুরে জঙ্গি আস্তানা রয়েছে। নেটওয়ার্কের মাধ্যমেই সে সবের হদিস পান তদন্তকারীরা।
তাঁরা জানান, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অবৈধ মাদ্রাসার আড়ালে জেহাদি প্রশিক্ষণ শিবিরও চালাত জেএমবি। সেরকমই জঙ্গি-শিবিরের খোঁজ মেলে মুর্শিদাবাদের বেলডাঙা ও মোকামনগরে, বীরভূমের নানুরে এবং বর্ধমানের খাগড়াগড় ও শিমুলিয়াতে।
বিএ/পিআর