সাইবার হামলারোধে যুক্তরাষ্ট্রে ‘জরুরি অবস্থা’


প্রকাশিত: ০২:৩১ পিএম, ০২ এপ্রিল ২০১৫

সাইবার হামলারোধে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণার পাশাপাশি  হামলাকারী ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে চিহ্নিত করে তাদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বুধবার এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগকে এ নির্দেশ দেন তিনি। দেশটির আইনপ্রণেতা, নিরাপত্তা ও আইন বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, এর আওতা ব্যাপক।

দেশটির কম্পিউটার নেটওয়ার্কে সাইবার হামলাকারী ভিনদেশি ব্যক্তি ও গোষ্ঠীরোধে নেওয়া এসব সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সংকটে আরোপিত নিষেধাজ্ঞার সমতুল্য বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনিক কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের হোম ডিপো ও অন্যান্য জাতীয় বিপনন সংস্থাসহ সামরিক নেটওয়ার্কে সম্প্রতি লাগাতার সাইবার হামলার পরই এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা বিভিন্ন কোম্পানির ওপরও প্রভাব ফেলতে পারে।

স্পর্শকাতর অবকাঠামোর ক্ষতিসাধন করা, আর্থিক তহবিল তছনছ করে দেয়া, বাণিজ্যিক গোপনীয়তা চুরি ব্যবসায়িক লাভের জন্য তা ব্যবহার করা এবং কম্পিউটার নেটওয়ার্কে হামলা চালানোর ঘটনায় এই নিষেধাজ্ঞা আরোপিত হবে। যেসব প্রতিষ্ঠান জেনেশুনেও যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক ক্ষতি করতে চুরি করা তথ্য ব্যবহার করবে তারাও এর আওতায় পড়বে বলে এক বিবৃতিতে বলেছেন বারাক ওবামা।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।