ইয়েমেনে সৌদি হামলায় ৬২ শিশু নিহত


প্রকাশিত: ০২:৪১ পিএম, ০২ এপ্রিল ২০১৫

ইয়েমেনে সৌদি আরব ও তার মিত্র বাহিনীর নির্বিচার বোমা বর্ষণ ও আগ্রাসনে মঙ্গলবার পর্যন্ত অন্তত ৬২ শিশুর মৃত্যু হয়েছে। আরও ৩০ শিশু আহত হয়েছে বলে জাতিসংঘের জরুরি শিশু তহবিলবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে।

বুধবার রাতেও পশ্চিম ইয়েমেনে সৌদি বোমা বর্ষণে অন্তত ৩৭ জন বেসামরিক নাগরিক মৃত্যুবরণ করেন। শিশুদের যুদ্ধ ও সংঘর্ষের হাত থেকে নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব পক্ষের কাছে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

নির্বিচার বোমা বর্ষণের ফলে শিক্ষা ও স্বাস্থ্য সার্ভিসগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর ফলে খাদ্য ও অপুষ্টির শিকার ইয়েমেনের শিশুদের নিরাপত্তা আরও শোচনীয় হয়ে পড়ছে বলে ইউনিসেফ উদ্বেগ প্রকাশ করেছে।

এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছিলেন, ইয়েমেনে সামরিক অভিযানের ফলে বহু সংখ্যক বেসামরিক জনগণের মৃত্যুর নানা রিপোর্ট শুনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

সোমবার সৌদি বিমান হামলার ফলে ইয়েমেনের একটি শরণার্থী শিবিরের ৪৫ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর তিনি ওই উদ্বেগের কথা প্রকাশ করেছেন।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।