কেনিয়ার বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ৫ জন আটক


প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০৪ এপ্রিল ২০১৫

কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলায় ১৪৮ জন নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন নিরাপত্তারক্ষীসহ ৫ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জঙ্গি সংগঠন আল-শাবাব এই নৃশংস হত্যাকাণ্ড চালায়।

কেনিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রনালয় জানায়, সন্দেহভাজন কয়েকজন প্রতিবেশী দেশ সোমালিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাদের আটক করা হয়। তাদের মধ্যে একজন খুব সম্ভবত বিশ্ববিদ্যালয়টির নিরাপত্তারক্ষী।

সোমালিয়ার জঙ্গি সংগঠন আল-শাবারের বিরুদ্ধে আফ্রিকান ইউনিয়নের অভিযানে অংশ নিচ্ছে কেনিয়ার নিরাপত্তা বাহিনী।

ওই অভিযানের প্রতিশোধ নিতে আল-শাবাব কেনিয়ার বিরুদ্ধে ‘দীর্ঘ মেয়াদী এবং বিভীষিকাময়’ যুদ্ধের ঘোষণা দিয়েছে।

এদিকে হামলার দুইদিন পর শনিবার ১৯ বছর বয়সী এক ছাত্রীকে অক্ষত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রী রান্না ঘরে থালা-বাসন রাখার আলমারিতে লুকিয়ে ছিল।

বিবিসি জানায়, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এসে ওই ছাত্রীকে অভয় দেয়ার পর সে লুকনো জায়গা থেকে বেরিয়ে আসে।

পরে সে সাংবাদিকদের জানায়, এই দুইদিন ক্ষুধা লাগলে সে বডি লোশন পান করেছে।

এর আগে শুক্রবার ক্যাম্পাস থেকে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুইজনকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে আটক করা হয়েছে।

আটক ওই দুইজনের একজন তানজানিয়ার নাগরিক এবং দুজনেরই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোন ধরণের যোগসূত্র নেই।

ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় মাত্র দুইজন রক্ষী নিয়োজিত ছিল। যদিও আগে থেকেই হামলা হওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক সতর্কতা জারি করা হয়েছিল।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।