ইয়েমেনে হাদি সমর্থক-বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৪৭
ইয়েমেনের এডেনে হুথি বিদ্রোহী ও প্রেসিডেন্ট হাদি সমর্থকদের সংঘর্ষে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। সংঘর্ষ বেড়ে যাওয়ায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হওয়াতে দুর্বিষহ দিন পার করছে সেখানকার সাধারণ মানুষ।
এই অবস্থায় দেশটিতে মানবিক ত্রাণ সহায়তা দিতে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রসকে ইয়েমেনে প্রবেশের অনুমতি দিয়েছে সৌদি আরব। এর পরপরই সোমবার ইয়েমেনে জরুরি ভিত্তিতে দুটি ত্রাণ সরবরাহকারী বিমান পাঠানোর ঘোষণা দেয় রেডক্রস।
এর আগে রোববার সরকারি জেলা অফিসের সামনে জড়ো হন শত শত এডেনবাসী। পরিস্থিতি সামাল দিতে অফিসের সামনে কুয়া থেকে পানি নেয়ার অনুমতি দেয় কর্তৃপক্ষ।
তাদের কয়েকজন বলেন, `আমরা পাঁচ দিন ধরে পানি পাচ্ছি না। তার মধ্যে হুথিরা প্রতিদিন হামলা চালাচ্ছে। কী যে কষ্টে আছি বোঝানো যাবে না। হুথিদের এই যুদ্ধের জন্য আমরা খাবার পানির অভাবে দিন কাটাচ্ছি। এমন অবিচার খোদা সহ্য করবেন না।`
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সংস্থা রেডক্রস ইয়েমেনে মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার অনুমতি চাইলে রোববার তা গ্রহণ করে সৌদি প্রশাসন। জোটের সেনাবাহিনীর মুখপাত্র গণমাধ্যমকে জানান, রেডক্রস সদস্যদের জন্য রোববারই একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে তারা।
এদিকে সোমবার রেডক্রস জানিয়েছে, অচিরেই রাজধানী সানায় দুটি ত্রাণসরবরাহকারী বিমান পাঠানো হবে। এছাড়া এডেনে চিকিৎসা সহায়তার জন্য নৌকার মাধ্যমে স্বেচ্ছাসেবক পাঠানোর বিষয়েও সৌদির কাছে আপিল করেছে তারা।
অন্যদিকে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সাথে সরকার সমর্থকদের সংঘর্ষ আরো তীব্র হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। রোববার এই সংঘর্ষে অন্তত ৪৭ জন নিহত হয় বলেও জানায় তারা। হুথিদের দাবি, নিহতদের মধ্যে ৩৬ জন তাদের যোদ্ধা রয়েছে।
এই অবস্থায় হুথিদের দমনে হাদি সমর্থকদের সহায়তায় সৌদি জোটের বিমান থেকে অস্ত্র ফেলার সিদ্ধান্তকে অযৌক্তিক হিসেবে উল্লেখ করেছে রুশ প্রশাসন। তারা যুদ্ধ উস্কে দেয়ার খেলা বন্ধ করারও আহ্বান জানায়।
এর আগে, রাশিয়া ও রেডক্রসের পক্ষ থেকে সৌদির প্রতি ইয়েমেনে বিমান হামলা বন্ধের আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করে রিয়াদ।
এসএস/বিএ/আরআই