রুশ হ্যাকারদের হামলার কবলে হোয়াইট হাউজ


প্রকাশিত: ০৩:০৯ এএম, ০৮ এপ্রিল ২০১৫

রাশিয়ার হ্যাকারদের মারাত্মক সাইবার হামলার কবলে পড়েছে হোয়াইট হাউজ এবং মার্কিন পররাষ্ট্র দফতর। আমেরিকার কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়, সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন কম্পিউটার ব্যবস্থা এবং হোয়াইট হাউজের স্পর্শকাতর অংশগুলোতে ঢোকার চেষ্টা করেছে রুশ হ্যাকাররা।
 
এতে বলা হয়েছে, তদন্তে যে সব তথ্য উঠে এসেছে তাতে দেখা গেছে, প্রেসিডেন্ট বারাক ওবামার কর্মসূচির বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। প্রেসিডেন্টের কর্মসূচির এ সব বিবরণ প্রকাশ করা হয় না।
 
এ ছাড়া, গত অক্টোবরে ওবামার দফতরের কম্পিউটারে সন্দেহজনক তৎপরতার কথা জানিয়েছে হোয়াইট হাউজ। মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআই, হোয়াইট হাউজ এবং মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সংস্থা সিক্রেট সার্ভিস ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সাইবার হামলার বিষয়ে তদন্ত করেছে। মার্কিন সরকারি ব্যবস্থার বিরুদ্ধে এ যাবৎ যত সাইবার হামলা হয়েছে তার মধ্যে এটাই সবচেয়ে মারাত্মক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
 
তদন্তকারীরা বলছেন, মার্কিন পররাষ্ট্র দফতরের কম্পিউটার নিরাপত্তা ব্যবস্থা প্রথমে ভেঙ্গেছে হ্যাকাররা; পরে এর মাধ্যমেই হোয়াইট হাউজে সাইবার হামলার রাস্তা পরিষ্কার করা হয়েছে। হ্যাকাররা মার্কিন পররাষ্ট্র দফতরের ইমেইল অ্যাকাউন্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখান থেকে ভুয়া ইমেইল পাঠিয়ে হোয়াইট হাউজের কম্পিউটার ব্যবস্থায় ঢুকেছে।
 
ফেব্রুয়ারি মাসে মার্কিন সিনেটের এক শুনানিতে ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান জেমস ক্ল্যাপার স্বীকার করেন, আগে যা মনে করা হতো রাশিয়ার সাইবার হুমকি তার চেয়ে অনেক বেশি মারাত্মক।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।