বাঙালিদের নববর্ষের শুভেচ্ছা জানালেন ওবামা


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১১ এপ্রিল ২০১৫

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পৃথিবীর সব বাংলা ভাষাভাষীদের বাংলা নববর্ষ পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি  এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামা ও মার্কিন জনগণের পক্ষ থেকে আমি সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের জানাচ্ছি পহেলা বৈশাখের উষ্ণ শুভেচ্ছা। বাঙালিদের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে একাত্ম হয়ে যুক্তরাষ্ট্রও দিনটি উদযাপন করবে।`

জন কেরি আরও বলেন, `সংগীত, চলচ্চিত্র, কবিতা, চিত্রকলা এবং সাহিত্যে বাঙালিদের রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। যা মানবিকতাকেও সমৃদ্ধ করেছে। যখন আপনি নববর্ষ উদযাপনে পরিবার ও বন্ধুদের সঙ্গে মিলিত হবেন, ভেবে নেবেন যুক্তরাষ্ট্রও আপনাদের পাশে রয়েছে।`

নতুন বছর সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এসএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।