ভার্চুয়াল রাজনৈতিক বিক্ষোভ


প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১৫ এপ্রিল ২০১৫

বিশ্বে প্রথমবারের মতো ভার্চুয়াল রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্পেনের আন্দোলনকারীরা। সরকারি ভবনে বিক্ষোভ নিষিদ্ধ করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

মাদ্রিদে স্পেনের সংসদ ভবনের সামনে দিয়ে হাজার হাজার হলোগ্রামকে বিক্ষোভ প্রদর্শণ করতে দেখা যায়। বিক্ষোভরত হলোগ্রামগুলোর হাতে বিতর্কিত "গ্যাগ" আইনবিরোধী প্লাকার্ড দেখা যায়।

আয়োজকদের তৈরিকৃত হলোগ্রাম নিজেদের বাস্তব দুনিয়ার মানুষের চাইতে ভার্চুয়াল বাস্তবতায় মত প্রকাশের ক্ষেত্রে অধিক স্বাধীন বলে দাবি করে বিক্ষোভ প্রদর্শণ করে।

নাগরিক নিরাপত্তা আইনের আওতায় হাসপাতাল, বিশ্ববিদ্যালয়সহ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আগামী ১ জুলাই থেকে সরকারি ভবনের সামনে জমায়েত নিষিদ্ধ করে স্পেন। এমনকি এধরণের জমায়েতের ছবি তোলাও নিষিদ্ধ করা হয়েছে ওই আইনে।

এই আইন ভঙ্গকারীদের ৫০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে। আর এ ধরণের জমায়েতের ছবি তুললে গুনতে হবে ৩০ হাজার ইউরো।

এর প্রতিবাদে "নো সোমোস ডেলিতো" বা "আমরা অপরাধী নই" শীর্ষক ভার্চুয়াল বিক্ষোভের ডাক দেন দেশটির আন্দোলনকর্মীরা। আয়োজকরা সমর্থকদের প্রতি ওয়েব ক্যামেরায় নিজেদের ছবি পাঠিয়ে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্প্যানিশ সংবাদপত্র এল পাইস জানায়, ২০০০ এর বেশি ভার্চুয়াল প্রজেকশানের মাধ্যমে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

স্বাধীনতার জন্য হলোগ্রামের ওয়েবসাইটে বলা হয়েছে, তথাকথিত নাগরিক নিরাপত্তা আইনে জনগণের সমবেত হওয়ার অধিকার আক্রান্ত হয়েছে।
ইতিহাসে প্রথম হলোগ্রাম বিক্ষোভের আয়োজকরা বলেন, এই অবৈধ আইন রদ করা না হলে ভবিষ্যতে প্রয়োজনের তাগিদেই নতুন ধরণের প্রতিবাদ-বিক্ষোভের মুখোমুখি হতে হবে কর্তৃপক্ষের।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।