যুক্তরাষ্ট্র
উড্ডয়নের সময় প্লেনের ইঞ্জিনের মধ্যে ঢুকে গেলেন রানওয়েতে থাকা ব্যক্তি
যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা এক ব্যক্তিকে ধাক্কা দেওয়ার পর একটি যাত্রীবাহী প্লেনের উড্ডয়ন বাতিল করা হয়েছে। এ ঘটনায় অন্তত একজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।
বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, শুক্রবার রাত প্রায় ১১টা ১৯ মিনিটে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের ফ্লাইট ৪৩৪৫ উড্ডয়নের সময় রানওয়েতে থাকা একজনকে আঘাত করে।
এবিসি নিউজ এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ওই ব্যক্তি বিমানের একটি ইঞ্জিনের মধ্যে আংশিকভাবে ঢুকে পড়েন। তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর জানায়, ঘটনার পর বিমানের ইঞ্জিনে অল্প সময়ের জন্য আগুন লাগে, যা দ্রুত নিয়ন্ত্রণে আনে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিওতে এক পাইলটকে বলতে শোনা যায়, আমরা রানওয়েতে থামছি, আমরা কাউকে ধাক্কা দিয়েছি, ইঞ্জিনে আগুন লেগেছে... একজন ব্যক্তি রানওয়ে পার হচ্ছিল।
ঘটনার পর জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের বাসে টার্মিনালে ফিরিয়ে নেয়।
ফ্রন্টিয়ার এয়ারলাইন্স জানিয়েছে, এয়ারবাস এ৩২১ মডেলের বিমানটি লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছিল। কেবিনে ধোঁয়া দেখা দেওয়ার পর পাইলটরা টেকঅফ বাতিল করেন এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্লাইড ব্যবহার করে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।
বিমানটিতে ২২৪ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন।
এয়ারলাইন্সটি এক বিবৃতিতে বলেছে, আমরা বিমানবন্দর ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে ঘটনার তদন্ত করছি এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাটির তদন্ত শুরু করেছে। তদন্ত চলাকালে ডেনভার বিমানবন্দরের ১৭এল রানওয়েটি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ
সূত্র: আল-জাজিরা
এমএসএম