পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উত্তেজনা ভারতে
২০০৮ সালে ভারতের মুম্বাই হামলার ‘মাস্টারমাইন্ড’ বলে অভিযুক্ত জাকির-উর রেহমান লাকভি-কে পাকিস্তানি আদালত জামিনে মুক্তি দিয়েছে গত শুক্রবার। তা নিয়েই ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে শুরু হয়ে গেছে নতুন করে উত্তেজনা। তাতেই যেন ঘি ঢাললো বুধবার পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিসাইলের পরীক্ষা।
ঘৌরি নামের এই ক্ষেপণাস্ত্র প্রথাগত এবং পারমাণবিক দু’ধরণের যুদ্ধাস্ত্রই ১৩০০ কিলোমিটার পর্যন্ত বহন করতে সক্ষম। পাকিস্তানের সামরিকবাহিনী বুধবারের এই পরীক্ষামূলক নিক্ষেপের কথা স্বীকার করেছে।
মাত্র মাস খানেক আগেই শাহিন-৩ নামের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান, যার পাল্লা ছিল ২ হাজার ৭৫০ কিলোমিটার।
১৯৪৭ এ দেশভাগের পর ভারত-পাকিস্তান মোট তিনবার যুদ্ধে অবতীর্ণ হয়েছে। দু’দেশের পারমাণবিক সশস্ত্রীকরণ তাই উপমহাদেশের প্রেক্ষাপটে সবসময়ই একটি উদ্বেগের বিষয় বলে বিবেচনা করে আসছেন বিশ্লেষকরা। পাকিস্তানের সাম্প্রতিকতম এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সেই উদ্বেগকেই খুঁচিয়ে তুললো।
এসআরজে