জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছাদে ড্রোন!


প্রকাশিত: ১০:৩২ এএম, ২২ এপ্রিল ২০১৫

জাপানের রাজধানী টোকিওতে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের পাঁচতলা কার্যালয়ের ছাদে একটি ছোট অজ্ঞাত পরিচয় ড্রোন পাওয়ার পর তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ বাহিনী। বুধবারের এ ঘটনার সময় অ্যাবে ভবনটিতে ছিলেন না। এশিয়া এবং আফ্রিকার নেতাদের দুই দিনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন তিনি।

৫০ সেন্টিমিটার দৈঘ্যের ড্রোনটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছাদে পাওয়া গেছে। চার পাখাযুক্ত ড্রোনটিতে একটি ক্ষুদ্র ক্যামেরা, পানির বোতল এবং ফ্লায়ারের মতো কিছু পাওয়া গেছে বলে জানিয়েছে জাপানের সরকারি সম্প্রচার সংস্থা এনএইচকে। এছাড়া তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি জানানোর জন্য যে হুশিয়ারি সংকেত ব্যবহার করা হয় ড্রোনটিতে সে রকম সংকেত আঁকা ছিল।

আকাশ থেকে নেয়া জাপানি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছবিতে দেখা গেছে, পুলিশের দল ছাদে তল্লাশি চালাচ্ছে। আর ড্রোনটিকে নিল রঙের প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। এ ঘটনা সম্পর্কে অ্যাবের কার্যালয়ের কর্মকর্তা এবং পুলিশ কর্তৃপক্ষ এখনো কোনো বিবৃতি দেননি।

আইনগত কোনো বাধা-নিষেধ না থাকায় জাপানে ড্রোনের ব্যবহার স্বাভাবিক হয়ে উঠেছে। সাধারণভাবে নজরদারি, ফটোগ্রাফি ও ভিডিওচিত্র ধারণের জন্য দেশটিতে ড্রোন ব্যবহার করা হয়।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।