ভুল মানচিত্র দেখানোয় ভারতে আল-জাজিরা বন্ধ


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২২ এপ্রিল ২০১৫

ভারতের ভুল মানচিত্র দেখানোর অপরাধে শাস্তিস্বরূপ দেশটিতে আন্তর্জাতিক নিউজ চ্যানেল আল জাজিরার সম্প্রচার সাময়িক বন্ধ রাখা হয়েছে। পাঁচ দিন আল জাজিরার কোনো খবরই ভারতে দেখা যাবে না।

বুধবার থেকেই চ্যানেলের সম্প্রচার পুরোপুরি বন্ধ রয়েছে। ফাঁকা স্ক্রিনে একটি বার্তাই বারবার দেখানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এই নিউজ চ্যানেলটি ভারতে দেখা যাবে না।

এর আগে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক এই নিউজ চ্যানেলটি বারবার ভারতের ভুল মানচিত্র দেখিয়েছে। তা নজরে আসায় জানানো হয় সার্ভেয়র জেনারেল অফ ইন্ডিয়া (SGI)-কে। পরে SGI ভালো করে খুঁটিয়ে দেখে জানায়, ভারতের মানচিত্র থেকে জম্মু ও কাশ্মীরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এমনকি কিছু মানচিত্রে লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকেও বাদ দিয়ে দেওয়া হয়। যা ভারতের জাতীয় মানচিত্র নীতির বিরোধী। এছাড়া চ্যানেলটির দেখানো মানচিত্রটি SGI-এর স্বীকৃত নয়।

শোকজের জবাবে আল জাজিরা জানায়, তারা আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিত একটি সফটওয়্যার Global News Providers থেকে মানচিত্রটি নিয়েছে। ভবিষ্যতে যাতে একই ভুল না হয়, তার জন্য রাষ্ট্রপুঞ্জের স্বীকৃত মানচিত্রই তারা নেবে। যদিও এই জবাবে সন্তুষ্ট হতে পারেনি ভারত। সে কারণেই এই শাস্তি।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।