লুৎফরের পর এমপি মনোনয়ন হারালেন সুমন
লন্ডনের টাওয়ার হ্যামলেটসের মেয়র পদ হারানো লুৎফরে সমালোচনা এখনো শেষ হয়নি। এরই মধ্যে খবরে এসেছেন দেশটিতে বসবাসকারী এমপি পদপ্রার্থী সুমন হক নামের আরেক বাংলাদেশি বংশোদ্ভূত।
মাত্রাতিরিক্ত মদ পান করে গাড়ি চালানোর অভিযোগে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে সুমন হকের এমপি পদে মনোনয়ন বাতিল করেছে লেবার পার্টি। সুমন হক স্কটল্যান্ডের অ্যাবার্ডিনশায়ারের বেনফ অ্যান্ড বুখান আসনে লেবার দলের প্রার্থী হয়েছিলেন। তিনি ছিলেন স্কটল্যান্ডের আসনে এমপি পদে মনোনয়ন পাওয়া প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী।
স্কটল্যান্ডের সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের ১ মে সুমন হক মাত্রাতিরিক্ত মদ খেয়ে গাড়ি চালানোর সময় পুলিশের কাছে ধরা পড়েন। এ সময় তার গাড়ি চালানোর লাইসেন্স ও গাড়ি ফিটনেস সার্টিফিকেট ছিল না। এসব অভিযোগে সুমন হক শুক্রবার অ্যাবার্ডিন শহরের শেরিফ কোর্টে হাজিরা দিতে যান। তিনি সব অভিযোগ অস্বীকার করেন। আগামী মাসে এই মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।
সুমন হকের অভিযোগের ব্যাপারটি জানাজানি হলে লেবার পার্টি এক বিবৃতিতে জানায়, লেবার পার্টির প্রতিনিধিত্ব করা থেকে সুমন হককে বরখাস্ত করা হয়েছে এবং সাধারণ নির্বাচনের প্রার্থী হিসেবে সুমন হকের ওপর থেকে আমরা সমর্থন প্রত্যাহার করে নিলাম। যুক্তরাজ্যে মদ্যপান করে গাড়ি চালানো ফৌজদারি অপরাধ।
উল্লেখ্য, আগামী ৭ মে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন হবে। এই নির্বাচনে দেশটির প্রধান তিনটি দল থেকে বাংলাদেশি বংশোদ্ভূত মোট ১২ জন এমপি পদে মনোনয়ন পান। সুমন হকের প্রার্থিতা বাতিল হওয়ায় এই সংখ্যা কমে এখন ১১টি পদে নেমে এল। স্কটল্যান্ডে জন্ম নেওয়া সুমন হকের পূর্বপুরুষের বাড়ি সুনামগঞ্জের ছাতকে।
এএইচ/এমএস