স্ট্যাচু অফ লিবার্টিতে বোমা আতংক
নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টিতে বোমা হামলার আশঙ্কায় কয়েকশ দর্শনার্থী সরিয়ে নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে, বোমা হামলা করে ‘স্ট্যাচু অফ লিবার্টি উড়িয়ে দেয়া হবে’ বলে টেলিফোনে একটি হুমকি আসার পরই এ পদক্ষেপ নেওয়া হয়। খবর বিবিসি।
খবরে বলা হয়, বোমা হামলার আতংক ছড়িয়ে পড়লে লিবার্টি আইল্যান্ড থেকে দর্শনার্থীদেরকে সরিয়ে দেয়া হয়। টেলিফোনে হুমকি দেয়ার কিছুক্ষণের মধ্যেই স্ট্যাচু অফ লিবার্টিতে গিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চলানোর সময় ভাস্কর্যের গোড়ায় সন্দেহজনক কিছু দেখা যাওয়ায় তাৎক্ষণিকভাবেই দ্বীপটি খালী করা হয়।
এরপর ব্যাপক তল্লাশি করেও যখন ক্ষতিকর কিছু পাওয়া যায়নি তখন দুপুরের পরপর এলাকাটিকে নিরাপদ হিসেবে ঘোষণা দেয় কর্তৃপক্ষ। স্ট্যাচু অফ লিবার্টি ঘুরে দেখানোর কাজে নিয়োজিত ক্রুরা জানান, ভাস্কর্যটির গোড়ায় সন্দেহজনক কিছু চোখে পড়ায় তারা ফেরি চলাচল বন্ধ করে দেয়।
অ্যামেরিকার ওহাইয়ো অঙ্গরাজ্যের সিনসিনাটি থেকে বেড়াতে আসা একজন পর্যটক কেরেন মেসন বলেন, এলিস আইল্যান্ডে যাবার উদ্দেশ্যে, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে যখন তারা সবে মাত্র নৌকায় চড়েছেন, তখনই হঠাৎ করে ফেরি থেকে নেমে যেতে বলে কর্তৃপক্ষ। এরপর তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখতে পান।
উল্লেখ্য, অ্যামেরিকা ও ফ্রান্সের মধ্যে বন্ধুত্বের নিদর্শন হিসেবে স্ট্যাচু অফ লিবার্টি নামে পরিচিত এই ভাস্কর্যটি ১৮৮৬ সালে অ্যামেরিকাকে উপহার দিয়েছিল ফ্রান্স।
এএইচ/এমএস