ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা


প্রকাশিত: ০১:২৩ পিএম, ২৫ এপ্রিল ২০১৫

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় বেলা ১১টা ৫৬ মিনিটে প্রথমবার ভূমিকম্প আঘাত হানার পর সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়।

বিমানবন্দর সূত্র জানায়, কাঠমান্ডুগামী এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটকে ভারতের রাজধানী দিল্লির দিকে পাঠিয়ে দেয়া হয়। এদিকে ভারতও ত্রিভুবনগামী সকল ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

উল্লেখ্য, শনিবার দুপুরে নেপালসহ উপমহাদেশজুড়ে ৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ইতোমধ্যে প্রায় ৭০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা। ভূকম্পনের আঘাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির রাজধানী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কাঠমান্ডু। খবর বিসিসি ও রেডিও তেহরান।

এ ছাড়া আরও বেশ কয়েকটি আফটার শক আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ৪৯ কিলোমিটার উত্তরপশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীর থেকে এর উৎপত্তি। আমেরিকার ভূতাত্বিক জরিপ অধিদফতর থেকে জানানো হয়, স্থানীয় সময় বেলা ১১টা ৫৬ মিনিটে ভূমিকম্পটি প্রথম আঘাত হানে।

নেপালের বিভিন্ন জায়গায় বিধ্বংসী চেহারা দেখা যাচ্ছে। জনজীবন বিপর্যস্ত। কম্পন অনুভূত হতেই বাইরে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। তবে তার আগেই ভেঙে পড়ে বহুতল। ফাটল ধরে রাস্তায়। আহত হয়েছেন বহু মানুষ।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ভারতে ভূমিকম্পে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে বিহারেই ৯ জন। বিবিসির খবরে বলা হয়, নেপালের পাশাপাশি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানেও জোরালোভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে। নেপালের ভূমিকম্পের জেরেই কেঁপে উঠেছে সমগ্র অঞ্চল।

এ দিকে ভূমিকম্পে নেপালের রাজধানী কাঠমান্ডুর বিখ্যাত দারাহারা বা ভীমসেন টাওয়ার ধ্বংস হয়ে গেছে। ১৮৩২ সালে নির্মিত নয়তলা এ টাওয়ারটির উচ্চতা ছিল ৬১.৮৮ মিটার। বিধ্বস্ত টাওয়ারে অন্তত ৫০ জন আটকা পড়েছেন।

নেপালের ভূমিকম্পে এভারেস্ট পর্বতে ধস নামার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর কাঠমন্ডু বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। দশরথ স্টেডিয়ামে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর আগে ১৯৩৪ সাল ৮.৩ মাত্রার ভূমিকম্পে নেপালে সাড়ে আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।