শুভেন্দুর সহকারী হত্যাকাণ্ডে উত্তর প্রদেশ থেকে গ্রেফতার ৩
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে হত্যার ঘটনায় ভারতের উত্তর প্রদেশ থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্তকারী সংস্থা (সিআইডি)। গত রোববার (১০ মে) তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পরপরই রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে নিয়ে আসা হয় অভিযুক্তদের। সারারাত তাদের জিজ্ঞাসাবাদ করার পর উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ৬ মে রাতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে মধ্যমগ্রামের দোহারিয়ায় তার ভাড়া বাড়ির সামনে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পর তদন্তে নামে রাজ্য পুলিশের সিআইডি।
আরও পড়ুন>>
বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা
‘ফিল্মি স্টাইলে’ যেভাবে হত্যা করা হয় শুভেন্দুর সহকারীকে
শুভেন্দু অধিকারীর কাছের মানুষদের বারবার এমন ‘অস্বাভাবিক মৃত্যু’ কেন?
প্রাথমিক তদন্তে উঠেছিল ভিনরাজ্যের যোগসূত্র। পরে সিআইডি নিশ্চিত হয়, দুষ্কৃতরা পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসেছিল। এরপরেই তদন্তের স্বার্থে দুটি পৃথক টিম তৈরি করে সিআইডি। একটি টিম পাঠানো হয় উত্তর প্রদেশে, আরেকটি টিম যায় বিহারে। সেই অভিযানে উত্তর প্রদেশ থেকে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করে সিআইডি।
পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযুক্তদের মধ্যে একজনের নাম বিশাল। তাকে জিজ্ঞাসাবাদের পরেই জানা যায়, উত্তর প্রদেশের বালিয়ার বাসিন্দা রাজ সিং প্রথমে গুলি চালিয়েছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে অযোধ্যায় গা ঢাকা দেন। পরে উত্তর প্রদেশের পুলিশের সঙ্গে রাজ্য পুলিশের সিআইডি যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সোমবার অভিযুক্তদের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের নগর দায়রা আদালত হাজির করা হবে। আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের ১৪ দিনের পুলিশি হেফাজত চাইবে বলে জানা গেছে।
ডিডি/কেএএ/