নেপালে ভূমিকম্প : নিহতের সংখ্যা ১৮০০ ছাড়িয়েছে


প্রকাশিত: ০২:১৭ এএম, ২৬ এপ্রিল ২০১৫

নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৮০০ ছাড়িয়েছে। তবে নেপালের সরকারের আশংকা নিহতের এই সংখ্যা তিনগুণ বাড়তে পারে। খবর বিবিসি।

খবরে বলা হয়েছে, এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে, আর ধ্বংসস্তুপের নিচে আটকে রয়েছে অনেকে। রাজধানী কাঠমান্ডু ও সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রাজধানী কাঠমান্ডুর ঐতিহ্যবাহী ধারাহারা টাওয়ার সহ বহু ভবন এবং অনেকগুলো প্রাচীন মন্দির ধ্বংস হয়ে গেছে। ভূমিকম্পের কারণে মাকালু পর্বত থেকে বড় বড় পাথর এবং বরফের টুকরো নেমে আসছে। আক্রান্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।


নেপালের তথ্যমন্ত্রী মীনেন্দ্র রিজ্জাল জানান, বিপর্যয়  মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। আহতের সংখ্যা এত বেশি যে হাসপাতালগুলোতে জায়গা হচ্ছে না। অনেককেই খোলা আকাশের নিচে চিকিৎসা দেয়া হয়েছে।


নেপালের রাজধানী কাঠমান্ডু ও পোখারার মাঝখানে লামজুং এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল, এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৯। ভূমিকম্পের কেন্দ্রস্থলে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

কাঠমান্ডু, ভক্তপুর, গোরখা, লামজুং ইত্যাদি ঘনবসতিপূর্ণ জায়গাগুলোয় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। নেপাল ছাড়াও সমগ্র উত্তর ভারত, চীনের তিব্বত অঞ্চল, পাকিস্তান ও বাংলাদেশ জুড়ে এই ভূকম্পন অনুভুত হয়।

## ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল : বাড়ছে মৃতের সংখ্যা

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।