পশ্চিমবঙ্গ

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে হেনস্তা, জোর করে ‘জয় শ্রীরাম’ স্লোগান

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৫ পিএম, ১১ মে ২০২৬
হেনস্তার শিকার হলেন ভাইরাল পরোটা বিক্রেতা রাজু/ ছবি: স্ক্রিনশট

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের হেনস্তার খবর পাওয়া যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার হেনস্তার শিকার হলেন ভাইরাল পরোটা বিক্রেতা রাজু, যিনি ‘রাজু দা’ নামেই বেশি পরিচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ট্রেনের ভেতরে একদল যুবক রাজুকে ঘিরে ধরে টানাহেঁচড়া করছে। ধস্তাধস্তিতে রাজুর গায়ের টিশার্ট ছিঁড়ে যায়।

চলন্ত ট্রেনটি থামতেই গেঞ্জির কলার ধরে টেনে নামিয়ে জোরপূর্বক ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ানো হয় রাজুকে। সে সময় তার চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ।

কেন এই ঘটনা? জানা যায়, তৃণমূল সরকারের আমলে শিয়ালদহ সাবওয়ের গেটের বাইরে পরোটা বিক্রি করার সময় রাজু বলেছিলেন, আমি তৃণমূল করি। এরপর ‘জয় বাংলা’ স্লোগানও দেন। এছাড়া, সম্প্রতি মন্দির চত্বরে বসে মাংস খাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেসবের জেরেই এবার হেনস্তার শিকার ভাইরাল এই পরোটা বিক্রেতা।

এই ঘটনার পর রাজু জানিয়েছেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। তবে ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জীকে পছন্দ করি। তাই তৃণমূল সরকারের সময় আমি ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলাম আর তৃণমূল করি বলেছিলাম। তারপর থেকেই বিভিন্ন সময় হুমকির মুখে পড়তে হয় আমাকে।

রাজুকে হেনস্তার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন অনেকে।

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।