নেপালে গুগলের প্রাইভেসি প্রধান নিহত
নেপালে ভূমিকম্পের ফলে সৃষ্ট হিমবাহ ধসে গুগলের প্রাইভেসি শাখায় প্রধান নির্বাহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহকর্মী। তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয়। খবর গার্ডিয়ান।
খবরে বলা হয়েছে, নিহত গুগল কর্মকর্তার নাম ড্যান ফ্রেডিনবার্গ। তিনি গুগলের প্রাইভেসি শাখায় প্রধান নির্বাহী হিসেবে কাজ করছিলেন। শনিবার ভূমিকম্পের প্রভাবে হিমালয়ে হিমবাহ ধস শুরু হলে বেসক্যাম্পের একাংশ ধ্বংস হয়। এতে তিনি মারা যান। এখন হিমালয়ে ওঠার মৌসুম শুরু হওয়ায় ওই ক্যাম্পে জড়ো হয়েছিলেন এভারেস্ট শৃঙ্গে পা রাখতে আগ্রহী শত শত পর্বোতারোহী। এদের ওপর তথ্য এবং ছবি সংগ্রহের জন্যই হিমালয় অভিযানে অংশ নিচ্ছিলেন তিনি।
গুগলের পরিচালক লরেন্স ইউ জানান, হিমবাহ ধসে ড্যান প্রাণ হারালেও তার তিন সঙ্গী বেঁচে গেছেন। অনলাইনে দেয়া এক পোস্টে তিনি জানান, দুর্ঘটনায় আমরা এক সহকর্মীকে হারিয়েছি। ড্যান ফ্রেডিনবার্গ দীর্ঘদিন ধরে গুগল প্রাইভেসির হয়ে কাজ করছিলেন। শনিবার তিনি মারা গেছেন। তবে তার সঙ্গে হিমালয় অভিযানে অংশ নেয়া গুগলের বাকি তিন কর্মী নিরাপদ রয়েছেন। আমরা দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এদিকে, তার ছোট বোন মেগান তার স্মরণে গুগলে একটি আলাদা পেজ খুলেছেন। সেখানে তিনি লিখেছেন, মাথায় আঘাত পাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।
এএইচ/এমএস