বিভিন্ন সংস্থার অদক্ষতার জন্যই ছাড়া পেয়েছেন লাকভি!
২৬/১১-র মুম্বাই হামলার অন্যতম চক্রী জাকিউর রহমান লাকভিকে জেল থেকে মুক্তি দেওয়ার ব্যাপারে পাকিস্তানের বিভিন্ন সংস্থার দায়িত্বহীনতা এবং অকর্মণ্যতাকেই দায়ী করেছেন ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, কুখ্যাত সমাজবিরোধী আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমও পাকিস্তানেই গোপন ঘাঁটি গেড়ে রয়েছেন। তিনি আরো বলেছেন, ভারত সরকার দাউদকে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি দাঁড় করাতে বদ্ধপরিকর।
কিরেন রিজিজুর দাবি, লাকভির বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ দেওয়া সত্ত্বেও পাকিস্তানি সংস্থাগুলো তা যথাযথভাবে আদালতে পেশ করেনি। এর ফলে সহজেই জেল থেকে ছাড়া পেয়েছেন লাকভি। মামলাটি ভীষণরকম দায়িত্ব জ্ঞানহীনভাবে ও অদক্ষভাবে আদালতে পেশ করার জন্য তিনি পাক-সংস্থালোকে তিরস্কার করেছেন।
তিনি আরো বলেন, ১৯৯৩ সালের মুম্বাই সিরিয়াল বিস্ফোরণের মূল চক্রী তথা ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি দাউদ পাকিস্তানেই গা ঢাকা দিয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনতে তারা বদ্ধপরিকর। কিন্তু এব্যাপারে পাকিস্তানের সাহায্য একান্ত প্রয়োজন বলে এদিন তিনি জানিয়েছেন।
রিজিজুকে ডিসেম্বরে আসন্ন ভারত-পাক ক্রিকেট সিরিজ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এবিষয়ে দু`দেশেরই সাধারণ মানুষের অনুভূতি জড়িয়ে রয়েছে। তাই এক্ষেত্রে কেন্দ্র সঠিক সিদ্ধান্ত নেবে বলেই আশাবাদী রিজিজু।
বিএ/পিআর