প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত: ট্রাম্পকে শি জিনপিং
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং অংশীদারত্বের হওয়া উচিত।
বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকের উদ্বোধনী বক্তব্যে শি জিনপিং বলেন, এমন এক সময় তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে ‘খুবই আনন্দিত’, যখন বিশ্ব ঐতিহাসিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে ও ‘বিশ্ব এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে’।
এরপর মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে একের পর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন চীনা নেতা।
শি বলেন, চীন ও যুক্তরাষ্ট্র কি তথাকথিত ‘থুসিডিডিস ট্র্যাপ’ অতিক্রম করে বৃহৎ শক্তিগুলোর সম্পর্কের নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারবে? তিনি আরও বলেন, আমরা কি একসঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বে আরও বেশি স্থিতিশীলতা আনতে পারব?
চীনা প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন, আমরা কি আমাদের দুই দেশের জনগণের কল্যাণ ও মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ রক্ষায় একসঙ্গে কাজ করে দ্বিপক্ষীয় সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারব?
শি জিনপিং বলেন, মূলত এগুলো ইতিহাস, বিশ্ব এবং জনগণের করা প্রশ্ন। আর বড় দুই দেশের নেতা হিসেবে আপনাকে ও আমাকে একসঙ্গে এর উত্তর লিখতে হবে।
তিনি আরও বলেন, আমাদের সম্পর্ক স্থিতিশীল থাকলে তা ‘পুরো বিশ্বের জন্য আশীর্বাদ’ হবে। তাই চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত।
সূত্র: আল-জাজিরা
এসএএইচ