ইউরোপে মানব পাচারে জড়িত আইএস
উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে জাহাজভর্তি অভিবাসীদের পাচারের সঙ্গে জড়িত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। তারা অভিবাসীদের সঙ্গে ইউরোপে জঙ্গি পাচার করছে। লিবিয়া সরকারের উপদেষ্টা আবদুল বাসিত হারুনের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে। খবর বিবিসি।
তিনি জানান, উত্তর আফ্রিকার মানবপাচারকারীদের একটি অংশের ব্যবসা এখন আইএসের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। মোট আয়ের অর্ধেক দেওয়ার শর্তে আইএস মানবপাচারকারীদের কর্মকাণ্ড চালিয়ে যেতে দিচ্ছে বলে জানা গেছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছর সাড়ে পাঁচ মাসেই ৬০ হাজারের বেশি লোক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেছে। এ ধরনের যাত্রায় দুর্ঘটনায় পড়ে এ বছর অন্তত ১ হাজার ৮০০ লোকের মৃত্যু হয়েছে। যা গতবছরের একই সময়ের তুলনায় ২০ গুণ বেশি।
হারুন বিবিসিকে বলেন, কে জঙ্গি আর কে সাধারণ শরণার্থী তা ইউরোপের পুলিশের পক্ষে জানা সম্ভব নয়। এ সুযোগ কাজে লগিয়ে আইএস পাচারকারীদের নৌকায় করে নিজেদের লোক পাঠাচ্ছে।
ইরাক ও সিরিয়ার বড় একটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সাম্প্রতিক সময়ে লিবিয়াতেও সক্রিয় হয়েছে আইএস জঙ্গিরা। গত মার্চে তারা তিউনিসিয়ার রাজধানী তিউনিসে জঙ্গি হামলা চালায়, যাতে অন্তত ২২ জন নিহত হন।
এএইচ/এমএস