আয়ারল্যান্ডে জনগণের রায়ে বৈধ হলো সমলিঙ্গ বিয়ে


প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২৩ মে ২০১৫

বিশ্বের প্রথম দেশ হিসেবে গণভোটে সমলিঙ্গ বিয়ে বৈধতা পেল আয়ারল্যান্ডে। শুক্রবার নেওয়া গণভোটে এই বৈধতা সমর্থনকারীদের নিরঙ্কুশ জয়ের আগাম ফল ঘোষণা করা হয়েছে শনিবার।

৪৩টি ভোট-অঞ্চলের মধ্যে এরইমধ্যে ৩৪টির ভোট গণনা হয়ে গেছে। আর তাতে দেখা গেছে প্রতি একজনের বিপরীতে দু’জন মানুষই সমলিঙ্গ বিয়েকে বৈধতা দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। এর মধ্যে একটি বাদে সবগুলো অঞ্চলেই বৈধতার পক্ষে ‘হ্যাঁ’ উত্তীর্ণ হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী বাকি ভোট-অঞ্চলগুলোর ভোট গণনার ফলাফল এখন আর কোনোভাবেই এই বৈধতার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারবে না। সুতরাং, কোনো সন্দেহ নেই, সমকামী অধিকারের ক্ষেত্রে ইতোমধ্যেই এই অঞ্চলে আয়ারল্যান্ড অনেকটা এগিয়ে গেল।

৩২ লাখ ভোটাধিকারপ্রাপ্ত নাগরিকের মধ্যে ৬০ শতাংশের ভোট পড়েছে এই গণভোটে। সরকারী কর্মকর্তা, আইনজীবী, এমনকি যারা এই বিয়ের বৈধকরণের বিপক্ষে ছিলেন তারাও জানিয়েছেন, এখন সংবিধান সংশোধন করা ছাড়া উপায় নেই।

ভোট পর্যালোচনায় দেখা গেছে, সবরকম আশঙ্কা ভুল প্রমাণ করে সব বয়স, পেশা এবং অর্থনৈতিক স্তরের মানুষ এই বিয়ের বৈধতার পক্ষে রায় দিয়েছেন, আয়ারল্যান্ডের জন্য যা একটি যুগান্তকারী ঘটনা।

কারণ, আয়ারল্যান্ডে রোমান ক্যাথলিক চার্চের প্রভাব সাংঘাতিক। তারা শিক্ষাব্যবস্থা নিয়ন্ত্রণ করে, শুধুমাত্র মায়ের জীবন বাঁচানোর মতো ঘটনা ছাড়া সেখানে ভ্রুণ হত্যা এখনো নিষেধ। মাত্র ১৯৯৩ সালে সেদেশে সমকামীতাকে অপরাধমূলক কর্মকান্ডের তালিকা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে, চার্চের সাম্প্রতিক বিভিন্ন কেলেঙ্কারির ঘটনায় এই প্রভাব বেশ খানিকটা হ্রাস পেয়েছে বলে মনে করা হয়। নতুন প্রজন্মের মধ্যেও পিতৃতান্ত্রিক মানসিকতা থেকে সরে আসার প্রবণতা দেখা যাচ্ছে।

সব মিলিয়ে সমলিঙ্গ বিয়ের বৈধতা পাওয়া আয়ারল্যান্ডের সামাজিক পরিসরে একটি বড় ইতিবাচক পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ নাগরিকরাও।

বিরোধী চার্চ-পক্ষের নেতা আওয়ানা ইন্সটিটিউটের পরিচালক ডেভিড কুইনও তার বিরোধীমতের জয়ে টুইট করে শুভেচ্ছা জানাতে ভোলেননি। তিনি লেখেন-“ অভিনন্দন ‘হ্যাঁ’ পক্ষকে। ভাল করেছেন আপনারা”।

উল্লেখ্য, আয়ারল্যান্ডের আগে বিশ্বের আরও ১৯টি দেশ সমলিঙ্গ বিয়েকে আইনী বৈধতা দিয়েছে। এছাড়া আমেরিকায় ৩৭টি অঙ্গরাজ্যে সমলিঙ্গের যুগলরা সবরকম আইনী-সুবিধা পান।

আবার বিপরীতে, রাশিয়া ও আফ্রিকায় এবং ইসলামী চরমপন্থীদের উত্থানে আরও বেশ কিছু জায়গায় সমকামী-অধিকার নতুন করে আক্রমণের মুখেও পড়েছে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।