গরিবরাই বলবে ভালো দিন এসেছে কি না : মোদি


প্রকাশিত: ১১:২৩ এএম, ২৬ মে ২০১৫

দেশের গরিবরাই বলতে পারবেন ভারতে ভালো দিন এসেছে কি না সরকারের প্রথম বর্ষপূর্তিতে এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক জনসভার ভাষণে এ কথা বলেন তিনি।

কোনো বড় শহর বেছে না নিয়ে মথুরার এক প্রত্যন্ত গ্রাম থেকেই শুরু হয় মোদি সরকারের বর্ষপূর্তির কর্মসূচি। ভাষণে সরকারের গত বছরের সাফল্যের তালিকা তুলে ধরে মোদি বলেন, তার এই এক বছরে একটা দুর্নীতির অভিযোগও কেউ আনতে পারেনি।

মোদির দাবি- তার  সরকার এক বছরে যেসব সাফল্য নিয়ে এসেছে তার মধ্য দিয়ে ভালো দিন আসবেই। তার ‘মেইক ইন ইন্ডিয়া’ প্রকল্পের মধ্য দিয়ে সেই সুদিন আনার লক্ষ্যে ভারতের বর্তমান সরকার কাজ করে যাবে বলেও জানান তিনি।

নির্বাচনের আগে ও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরে তিনি ভারতজুড়ে ‘আচ্ছে দিন’ বা সুদিন নিয়ে আসার কথা বারবার বলেছেন মোদি।

তিনি আরও বলেন, `আমরা যদি সরকার গঠন না করতাম তাহলে মুদ্রাস্ফীতি ও দারিদ্র ভারতের মানুষকে পিষে ফেলত। গত এক বছরে পঁচিশ হাজার কোটি রুপির পরিমাণ বৈদেশিক মুদ্রা আমাদের দেশে জমা পড়েছে। আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছি।`

নরেন্দ্র মোদি বলেন, আমাদের কৃষকরা গত ৬০ বছর ধরে খাদ্যের অভাবে দিন কাটাচ্ছে। প্রতি বছর মারা যাচ্ছে শত শত কৃষক। কারা এর জন্য দায়ী তা খুঁজে বের করতে আমরা এখানে আসি নি।আমরা চাই সবাই মিলে কৃষকের উন্নয়নে কাজ করবো।`

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।