মিয়ানমারে রোহিঙ্গা বিরোধী বিক্ষোভ
মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুনে রোহিঙ্গা ইস্যুতে বিক্ষোভ করেছে দেশটির ভিক্ষুরা।এ বিক্ষোভে প্রায় চারশ মানুষ অংশ নেয় যার মধ্যে ৪০ জন বৌদ্ধ ভিক্ষু ছিলেন। খবর আলজাজিরা।
খবরে বলা হয়, চলমান অভিবাসী সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের ওপর যে চাপ সৃষ্টি করছে তার প্রতিবাদে ওই বিক্ষোভের আয়োজন করা হয়।
সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার রোহিঙ্গা মুসলিম মিয়ানমার ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছে। সর্বশেষ অনেক রোহিঙ্গা মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় আশ্রয় নেওয়ার অপেক্ষায় সাগরে ভাসছে। তাদের অভিযোগ, নির্যাতনের ভয়েই তারা বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমার ছেড়ে পালাচ্ছে।
বৌদ্ধরা রোহিঙ্গাদের উপর নির্যাতন করছে এমন অভিযোগ তুলে জাতিসংঘসহ মানবাধিকার সংগঠনগুলো বলেছে, এর ফলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হতে পারে। আর তাই এই সংকট সমাধানে মিয়ানমারকেই ভূমিকা রাখতে হবে।
আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর অব্যাহত চাপের প্রেক্ষিতে বুধবার দেশটির জাতীয়তাবাদী ও ধর্মীয় গ্রুপগুলো ওই বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভে অংশ নেওয়া স্যান্দি থিন মার ওও বলেন, মানবিক সংকটের জন্য মিয়ানমারকে এককভাবে দায়ী করবেন না। বিক্ষোভকারীদের সামনে চিৎকার করে তিনি বলেন, ওইসব লোক (রোহিঙ্গা) মিয়ানমারের নয়।’
বিক্ষোভে অংশগ্রহণকারীদের পরিহিত টি-শার্টে লেখা ছিল-নৌকায় উদ্ধার হওয়া লোকেরা মিয়ানমারের নয়। তাদের দায়-দায়িত্ব নেওয়া মিয়ানমারের উচিত নয়।
প্রসঙ্গত, মিয়ানমারের অভিযোগ রোহিঙ্গা মুসলমানরা পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে অবৈধভাবে দেশটিতে গেছে। তাই তাদের রোহিঙ্গা বলতে নারাজ দেশটি।
জেআর/পিআর