তেল সংকটে গাড়িবহর ছোট করলেন মোদী, চলছেন মাত্র ২ গাড়ি নিয়ে
জ্বালানি সংকটের ফলে নিজের গাড়িবহরের আকার উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন সিদ্ধান্তের পর দিল্লিতে তাকে মাত্র দুই গাড়ির বহর নিয়ে চলাচল করতে দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও-ও ভাইরাল হয়েছে।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দিল্লিতে সফরের সময় মোদীর সঙ্গে ছিল মাত্র দুটি গাড়ি- একটি রেঞ্জ রোভার ও একটি টয়োটা ফর্চুনার। সাধারণত ভিভিআইপি চলাচলের ক্ষেত্রে যে বড় বহর দেখা যায়, এবার তা ছিল না।
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi has reduced his convoy size significantly. Reduction in vehicles was done while maintaining essential security components as per SPG protocol. pic.twitter.com/kuC9OfyAxN
— ANI (@ANI) May 13, 2026
সাধারণত ভারতের প্রধানমন্ত্রীর কনভয়ে অন্তত ১২ থেকে ১৫টি গাড়ি থাকে। এর মধ্যে থাকে আর্মার্ড মার্সিডিজ-মেব্যাক এস৬৫০ গার্ড, রেঞ্জ রোভার, টয়োটা ফর্চুনার, এসকর্ট গাড়ি, জ্যামার ইউনিট, ডিকয় কার ও অ্যাম্বুলেন্স।
এর আগে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, সাম্প্রতিক অভ্যন্তরীণ সফরগুলোতে মোদী তার গাড়িবহরের আকার উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছেন। তবে স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) বাধ্যতামূলক নিরাপত্তা প্রটোকল পুরোপুরি বজায় রাখা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গুজরাট, আসাম ও হায়দরাবাদ সফরের সময় থেকেই এই নতুন ব্যবস্থা কার্যকর করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে জ্বালানি ব্যবহার কমানো ও টেকসই চর্চা উৎসাহিত করাই এর লক্ষ্য।
সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানায়, এসপিজি এরই মধ্যে নতুন নির্দেশনা বাস্তবায়ন শুরু করেছে। তবে নিরাপত্তা নির্দেশিকার কোনো ব্যত্যয় ঘটানো হয়নি।
ভারতের ভিভিআইপি নিরাপত্তা নির্দেশিকা ‘ব্লু বুক’-এ নির্ধারিত বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এই ছোট কনভয় পরিচালনা করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। একই সঙ্গে এসপিজি আরও কিছু পদ্ধতি খুঁজছে, যাতে নিরাপত্তা ও পরিচালনাগত নির্দেশনা কঠোরভাবে বজায় রাখা যায়।
রোববার (১০ মে) হায়দরাবাদ সফরে প্রধানমন্ত্রী মোদী দেশবাসীর প্রতি জ্বালানি ও স্বর্ণের ব্যবহার কমানোর আহ্বান জানান। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রধানমন্ত্রী নিজে এই উদ্যোগ নেওয়ায় পুরো সরকারি ব্যবস্থাকে একই ধরনের মিতব্যয়ী পদক্ষেপ নিতে উৎসাহিত করা হচ্ছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগও জ্বালানি সাশ্রয় এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পরিকল্পনা করছে। এসব পরিকল্পনার মধ্যে থাকতে পারে কর্মীদের বেশি করে মেট্রো ব্যবহার করতে উৎসাহ দেওয়া, কারপুলিং চালু করা ও বড় আকারের ভোজসভা এড়িয়ে চলা। উল্লেখ্য, একাধিক ব্যক্তি মিলে একটি ব্যক্তিগত গাড়ি ভাগ করে ব্যবহার করার প্রক্রিয়াকে বলা হয় কারপুলিং।
এক কর্মকর্তা বলেন, সব বিভাগেই এখন আলোচনা চলছে- কীভাবে জ্বালানি খরচ কমানো যায়। প্রধানমন্ত্রীর বার্তা সবার জন্য, আমাদের জন্যও। কর্মিবিষয়ক বিভাগ থেকে কী করতে হবে সে বিষয়ে নির্দেশনার অপেক্ষায় আছি। তবে প্রতিটি বিভাগকেই নিজেদের পরিকল্পনা তৈরি করতে হবে।
সোমবার (১১ মে) প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীদের এক অনানুষ্ঠানিক বৈঠকেও অপ্রয়োজনীয় ভ্রমণ কমিয়ে জ্বালানি ব্যবহার হ্রাসের বিষয়টি আলোচনা হয়।
এদিকে, প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আহ্বানের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও নিজের গাড়িবহরের আকার কমিয়েছেন বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, তার বহরেও এখন মাত্র দুটি গাড়ি রাখা হয়েছে- একটি স্করপিও ও একটি ফর্চুনার।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস
এসএএইচ