সু চির সমালোচনায় দালাই লামা


প্রকাশিত: ০৫:৩২ এএম, ২৮ মে ২০১৫

মিয়ানমারে জাতিগত সহিংসতা থেকে বাঁচতে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে প্রতিবেশী দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন। এমতাবস্থায় নোবেলজয়ী নেত্রী অং সান সু চি এখনও চুপ করে থাকায় তার সমালোচনা করে  এ ব্যাপারে বিশেষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। খবর দ্যা অস্ট্রেলিয়ান।

খবরে বলা হয়, দারিদ্র্য ও রাষ্ট্রীয় বৈষম্য থেকে বাঁচতে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে বিভিন্ন দেশে যাত্রা করা হাজার হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর উন্নয়নে সু চির তেমন তৎপরতা লক্ষ করা যায়নি। নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে ভোটারদের হাতে রাখতেই তিনি এমন নীরবতা বজায় রেখেছেন বলে ধারণা বিশ্লেষকদের। কিন্তু এ নীরবতাকে স্বাভাবিকভাবে নিতে পারেননি তিব্বতের আধ্যাত্মিক নেতা।

তিব্বতের বৌদ্ধধর্মীয় ওই গুরু বলেন, এটা খুবই দুঃখজনক। আমি মনে করি নোবেলজয়ী হিসেবে সু চি কিছু করতে পারে। তাকে এ অব্স্থায় চুপ করে থাকা উচিত হচ্ছে না। আমি দুবার তাঁর সঙ্গে দেখা করে এ সমস্যার কথা উল্লেখ করেছি। তিনি আমাকে কিছু সমস্যা পেয়েছেন বলে জানিয়েছেন, যেগুলো সরল নয়, জটিল। কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি, তিনি কিছু করতে পারেন।

উল্লেখ্য, দালাই লামা ২০১২ সালে স্থানীয় বৌদ্ধদের সঙ্গে রোহিঙ্গাদের সংঘাতের পর এ বিষয়ে কথা বলতে লন্ডন ও চেক প্রজাতন্তে দুবার ব্যক্তিগতভাবে দেখা করে এই ইস্যুতে আহ্বান জানিয়েছিলেন।

জেআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।