স্থল চুক্তির মাধ্যমে সম্পর্ক আরো জোরদার হবে : সীতারাম ইয়েচুরী
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি বলেছেন, স্থল চুক্তির মধ্যদিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে। সশস্ত্র ধর্মীয় মৌলবাদের ভয়াবহ উত্থান ভারত ও বাংলাদেশ উভয় দেশের শান্তিপ্রিয় জনগণের জন্য এক বিরাট উদ্বেগের বিষয়। তিনি দু’দেশের জনগণের নিজস্ব স্বার্থ রক্ষার আন্দোলনের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
সার্কভুক্ত দেশগুলোর কমিউনিস্ট পার্টির ঢাকায় সফররত নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের পৃথক পৃথক দ্বি-পাক্ষিক বৈঠকের অংশ হিসেবে কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে ভারতের সীতারাম ইয়েচুরির সঙ্গে সিপিবি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন- সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, সিপিবি’র উপদেষ্টা মনজুরুল আহসান খান, আন্তর্জাতিক বিভাগের সদস্য হাসান তারিক চৌধুরী ও আশরাফ হোসেন আশু।
ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি তার আলোচনায় বলেন, সাম্রাজ্যবাদ এ অঞ্চলে আগের চেয়ে অনেক বেশী সক্রিয় হয়েছে। দু’দেশের মানুষ আজ এই দুই শত্রুর আঘাতের শিকার।
তিনি আরো বলেন, সামাজ্যবাদ ও লুটেরা পুঁজিবাদী রাজনীতির বিপরীতে বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। বাম-গণতান্ত্রিক শক্তিই হলো ধর্মনিরপেক্ষতার সবচেয়ে বড় রক্ষক।
অনুষ্ঠানে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সিপিবি বাংলাদেশে মৌলবাদ-সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ইতিহাসের পরীক্ষিত শক্তি। জোট-মহাজোটের বাইরে বাম-গণতান্ত্রিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে সিপিবি’র কর্মসূচি দেশে-বিদেশে জনগণের মধ্যে বেশ সমর্থন লাভ করেছে।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দু’দেশের পার্টির সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
আরএস/পিআর