কিউবা সন্ত্রাসী দেশ নয় : যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ১০:৩২ পিএম, ২৯ মে ২০১৫

নিজের স্বার্থে সবই পারে মার্কিন যুক্তরাষ্ট্র। বদলে দিতে পারে যুগের পর যুগ ধরে চলে আসা রাষ্ট্রনীতিও। এই যেমন চিরশত্রু দেশ কিউবাকে এখন নিজেদের বন্ধু বলেই ঘোষণা দিল বারাক ওবামার প্রশাসন। তবে কি যে এখানে স্বার্থ, সেটি এখনও স্পষ্ট নয়।

সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেয় এমন দেশের তালিকা থেকে কিউবার নাম বাদ দিল যুক্তরাষ্ট্র। এতে করে দুই দেশের মধ্যে কূটনৈতিক বন্ধন পুনরায় মজবুত করতে সম্ভাব্য বাধা-বিপত্তির হার কমছে।

এক প্রতিবেদনে শুক্রবার এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, এমন উদ্যোগের কারণে অন্যান্য বিষয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রে এখন থেকে ব্যাংকিংও করতে পারবে কিউবানরা।

গত ডিসেম্বরে কিউবার সঙ্গে সম্পর্ক উন্নয়নের এক ঐতিহাসিক উদ্যোগ ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে কিউবার বিরুদ্ধে বাণিজ্য বিষয়ক বিধি-বারণগুলো আগের মতোই বিদ্যমান রয়েছে। মার্কিন কংগ্রেসে অনুমোদন না পেলে সে সব নিষেধাজ্ঞা জারি থাকবে।

শুক্রবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘কিউবার অসংখ্য নীতির সঙ্গে একমত নয় যুক্তরাষ্ট্র।’

তবে সন্ত্রাসে উস্কানিদাতা দেশের তালিকাতে কিউবার নাম রাখার আর কোনো কারণ নেই বলে মনে করছে যুক্তরাষ্ট্র। এর আগে ১৪ এপ্রিল কিউবাকে সন্ত্রাসী দেশের তালিকা থেকে বাদ দেওয়ার অভিপ্রায় ঘোষণা করেন ওবামা।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।