মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বুশ পরিবার
যুক্তরাষ্ট্রের আলোচিত বুশ পরিবারের আরেকজন বুশ এবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন। ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ নিজ শহর মিয়ামিতে সোমবার এক র্যালীতে এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, প্রেসিডেন্ট হলে দেশটির বর্তমান দুরবস্থা ঘোচাবো।
এর আগে তার বাবা জর্জ বুশ এবং ভাই জর্জ ডব্লিউ বুশ দুজনই দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী এমন আভাস আগেই পাওয়া যাচ্ছিল।
শুরুতেই তিনি নিজের নামের প্রভাবশালী অংশ ‘বুশ’ বাদ দিয়ে শুধু ‘জেব’ নিয়ে প্রচারণা শুরু করেছেন।
নিজের শহর মিয়ামিতে এক র্যালীতে সোমবার বুশ দেশটির বর্তমান দুরবস্থা ঘোচানোর জন্য প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। তিনি ভাষায়, দেশের অবস্থা এখন খুব খারাপ।
এই নিয়ে রিপাবলিকান দলের ১১ জন সদস্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবার ঘোষণা দিলেন। আর এ অবস্থা পরিবর্তনে তিনি নিজে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান।
র্যালীতে দেয়া ভাষণে ওয়াশিংটনের তথাকথিত এলিটদের সমালোচনা করে বলেছেন, পরবর্তী প্রেসিডেন্ট হওয়া উচিত এমন একজনের যিনি দেশটির বর্তমান রাজনৈতিক সংস্কৃতিকে চ্যালেঞ্জ করে বদলে দেবেন।
দেশটির ইতিহাসের সবচেয়ে ধীর অর্থনৈতিক গতি, ঋণের বোঝা বৃদ্ধি এবং মধ্যবিত্ত নাগরিকদের ওপর ব্যপক করের বোঝা বাড়ানোর জন্য দায়ী বর্তমান সরকার। এ অবস্থা পরিবর্তনে নিজের নির্বাহী দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি দেশকে বিশ্বের সেরা অর্থনীতিতে রূপান্তর করবেন -এমন প্রতিশ্রুতি দেন তিনি।
যদিও মতামত জরিপকারী প্রতিষ্ঠানগুলো বলছে এখনো পর্যন্ত কারোই তুমুল জনপ্রিয়তা রয়েছে এমনটি বোঝা যাচ্ছে না।
মাত্র কদিন আগেই, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসাবে প্রেসিডেন্ট নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। - বিবিসি
আরএস/এমএস