বাংলাদেশকে আঞ্চলিক ব্যবসাকেন্দ্র হিসেবে দেখছে ব্রাজিল
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় আঞ্চলিক ব্যবসাকেন্দ্র হিসেবে দেখছে ব্রাজিল। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠাতেও আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
সোমবার (১৮ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।
বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্প্রসারণ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। উভয় পক্ষ জানায়, দুই দেশের বাণিজ্যের পরিমাণ ইতোমধ্যে ৩ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
রাষ্ট্রদূত দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ একটি আঞ্চলিক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশের ব্যাপক সম্ভাবনা রাখে।
রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে ব্রাজিলের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠানোর আগ্রহ প্রকাশ করেন। এ প্রসঙ্গে গবাদিপশু পালন ও মাংস প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতা এবং যৌথ উদ্যোগে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ পক্ষ স্থানীয় খামারিদের স্বার্থ সংরক্ষণ করে আধুনিক প্রাণিসম্পদ ও খামার ব্যবস্থাপনা প্রযুক্তি হস্তান্তর এবং এ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে দুই দেশের মধ্যে গরুর মাংস ও পোলট্রি খাতে বিনিময় সম্প্রসারণের সম্ভাবনা এবং স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) সনদসংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।
বৈঠকে স্বাস্থ্য, কৃষি ও ক্রীড়া খাতে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। আগামী তৃতীয় দ্বিপাক্ষিক পরামর্শ সভায় এসব চুক্তি সই হবে বলে আশা প্রকাশ করেন দুই পক্ষ।
এমএএস/এমএএইচ/