মুরসির যাবজ্জীবন কারাদণ্ড


প্রকাশিত: ১১:১২ এএম, ১৬ জুন ২০১৫

গোয়েন্দাগিরির অভিযোগ প্রমাণিত হওয়ায় মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গোপন যোগসূত্র প্রমাণিত হওয়ায় কায়রোর একটি আদালত মঙ্গলবার মুরসিকে এই সাজা দেন।

এর আগে গত মাসে আরেক অপরাধে মুরসিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কারাগার ভেঙ্গে আসামি পালানোর অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ওই শাস্তি দেওয়া হয়। চলতি বছরের এপ্রিলে মুরসিকে ২০ বছরের কারাদণ্ড দেন মিসরের একটি আদালত। ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের গ্রেফতার ও নির্যাতনের অভিযোগে মুরসিকে ওই সাজা দেওয়া হয়।

উল্লেখ্য, মঙ্গলবার যে অপরাধে মুরসির যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে একই অপরাধে মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বাদিকে যাবজ্জীবন কারাদণ্ড (২৫ বছর) দেওয়া হয়েছে। শীর্ষ এই দুই নেতা ছাড়াও সংগঠনটির আরও ১৭ নেতাকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এদিকে একই অপরাধে মুসলিম ব্রাদারহুডের নেতা খয়রাত আল শাতারসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মিসরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একমাত্র প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ২০১৩ সালের জুলাই মাসে পদচ্যুত করেন দেশটির তৎকালীন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ সিসি। এরপর সিসি নিজেকে পদোন্নতি দেয়াসহ মিসরের হর্তাকর্তা হয়ে বসেন। সেই থেকে মুরসিসহ তার দল ব্রাদারহুডের ওপর চলছে রাষ্ট্রীয় নির্যাতন।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।