বৈঠক ব্যর্থ হওয়ায় গ্রীসে অর্থ সংকটের সম্ভাবনা


প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২০ জুন ২০১৫

গ্রিক সরকারের সঙ্গে আন্তর্জাতিক দাতাদের বৈঠক ব্যর্থ হওয়ায় দেশটি অর্থ সংকটে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে, বৈঠক ব্যর্থ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর আতঙ্কে গ্রিসে গ্রাহকরা ব্যাংক থেকে কোটি কোটি ইউরো তুলে নিয়েছে। খবর রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুধুমাত্র শুক্রবারেই ব্যাংক থেকে ১.২ বিলিয়ন ইউরো তুলে নিয়েছে দেশটির নাগরিকরা। এর ফলে দেশটির নাগরিকদের মধ্যে ব্যাংকগুলোতে পর্যাপ্ত পরিমাণে নগদ অর্থ আছে কি না তা নিয়ে অর্থ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এ পরিস্থিতিতে ব্যাঙ্কগুলোকে আরো কিছু জরুরি অর্থ ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রয়টার্স আরো জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফের ঋণ পরিশোধের জন্য আর মাত্র দুসপ্তাহের মতো সময় আছে গ্রিসের হাতে। এর সমাধানে পৌঁছাতে ব্যর্থ হলে দেশটিকে ইউরোজোন এবং সম্ভবত ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও বেরিয়ে যেতে হবে।

সরকার এই সঙ্কটের ইতিবাচক সমাধানের চেষ্টা করছে বলে জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। তিনি আশা প্রকাশ করে বলেন, শেষ পর্যন্ত তার দেশ ইউরোজোনেই অবস্থান করবে। তবে তার সরকার ও জনগণ গ্রিসের সার্বভৌমত্বের ওপর গুরুত্ব দিচ্ছে।

তবে আইএমএফ, ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকটি জানিয়েছে, দেশটিতে সংস্কার না হলে তারা ঋণের অর্থ ছাড় করবে না। তারা জানায়, গ্রিক সরকারকে তাদের বাজেট ঘাটতি পূরণের জন্য উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।