যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিলো ইরান
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান, যার শর্তগুলো আগের প্রস্তাবগুলোর মতোই বলে জানা গেছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ।
ইরানি আলোচকদের একটি কাছের সূত্রের বরাতে বার্তাসংস্থাটি বলেছে, ইরান ১৪ দফার নতুন প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবের প্রধান লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা ও যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বাস অর্জন করা।
বর্তমানে ইরানে অবস্থান করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো ঘোষণা না দিয়েই তিনি দেশটির রাজধানী তেহরানে যান। আজ তৃতীয় দিনের মতো তার সফরের মেয়াদ বাড়ানো হয়েছে। এর মধ্যেই ইরানের এই নতুন প্রস্তাব সম্পর্কে জানা গেলো।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছে, যার শর্তগুলো আগের প্রস্তাবগুলোর মতোই। সেগুলো ওয়াশিংটন প্রত্যাখ্যান করেছে। তবে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে সোমবার জানিয়েছেন, কিছু বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কিছুটা নমনীয় করেছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, নতুন প্রস্তাবে দেখা গেছে ইরান শর্তসাপেক্ষে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাতে রাজি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। তবে তেহরান বলে, সমৃদ্ধকৃত ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নয়, রাশিয়ার কাছে পাঠানো হবে। কিন্তু এতে থাকবে শর্ত।
এছাড়া ইরান প্রস্তাব দিয়েছে, তারা লম্বা একটি সময়ের জন্য তাদের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখবে। কিন্তু স্থায়ীভাবে কার্যক্রম বন্ধ করবে না। তবে যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বাদ দিতে হবে।
সংশোধিত প্রস্তাবে ইরান আরও বলেছে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো আর্থিক ক্ষতিপূরণ নেবে না। এর বদলে তেহরানকে অর্থনৈতিক ছাড় দিতে হবে ওয়াশিংটনকে।
সূত্র: তাসনিম নিউজ, রয়টার্স, আল-আরাবিয়া
এসএএইচ