মুম্বাইয়ে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৬৪


প্রকাশিত: ১০:২৪ এএম, ২০ জুন ২০১৫

মুম্বাইয়ে বিষাক্ত মদপানের মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। মদপানের ওই ঘটনায় মুম্বাইয়ের বিভিন্ন হাসপাতালে আরো ৩০ জন মৃত্যুর সঙ্গে লড়ছে বলে জানা গেছে।

মুম্বাই পুলিশ জানায়, নিহতদের অধিকাংশ অটোরিক্সা চালক, পুরোনো কাপড় ও ভাঙ্গাড়ি সংগ্রাহক। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে মালাদ শহরতলির লক্ষ্মী নগর বস্তিতে এসব লোক বিষাক্ত মদ পান করে। প্লাস্টিক ব্যাগে এই মদ বিক্রি করা হয়।

মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়া বলেন, কর্তব্যে অবহেলার জন্য মালওয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ পাতিলসহ আট পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এদিকে এ মামলায় গ্রেফতারকৃত তিন ব্যক্তিকে শুক্রবার স্থানীয় একটি আদালতের মাধ্যমে এ মাসের ২৬ তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের নাম রাজু লাংদা, ডোনাল্ড প্যাটেল ও গৌতম হার্তি।

এ ঘটনায় অপর তিন সন্দেহভাজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

আরএস/আরআইপি/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।