সিরীয় বিদ্রোহীদের বেতন দেয় যুক্তরাষ্ট্র
ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রশিক্ষণ গ্রহণকারী সিরিয় বিদ্রোহীদের প্রতিমাসে ২৫০ থেকে ৪০০ ডলার পর্যন্ত করে বেতন দেয় দেয় যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রণালয় পেন্টাগন জানায়, এই অর্থের পরিমাণ বিদ্রোহীদের ব্যক্তিগত দক্ষতা, সক্ষমতা ও নেতৃত্বের অবস্থানের উপর নির্ভর করে ।
গত সপ্তাহে পেন্টাগনের মুখপাত্র যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর কর্নেল স্টিভ ওয়ারেন জানান, ২০০ সিরিয় যোদ্ধা প্রশিক্ষণে আছে, আরো দেড় হাজারের প্রয়োজনীয় পরীক্ষা শেষ হয়েছে।
রাজনৈতিকভাবে মধ্যপন্থী একটি সিরিয় সামরিক বাহিনী গঠনের লক্ষে যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রশিক্ষণ ও সামরিক রসদ দেয়া হচ্ছে, এতে প্রায় ছয় হাজার সিরীয় স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করছে।
কম্বাইন্ড জয়েন্ট টাস্ক ফোর্স-সিরিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ক্যাপ্টেন স্কট রে বলেন, একটি অংশ প্রশিক্ষণ ছেড়ে গেছে এবং অপর একটি অংশকে বাদ দেয়া হয়েছে, এদের মধ্যে ১০ দিন আগে চলে যাওয়া একটি দলও রয়েছে।
চলে যাওয়ার কারণ হিসেবে রে বলেছেন, “অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অনেকেরই পরিচয়পত্র ছিল না, এছাড়া প্রশিক্ষণের জন্য অনুপযুক্তরাও আছেন।”
কতোজন যোদ্ধা প্রশিক্ষণ ছেড়ে চলে গেছেন তাদের মোট সংখ্যা জানাতে রাজি হননি রে, তবে বলেছেন, “যে দলটি চলে গেছে, কয়েক সপ্তাহের প্রশিক্ষণের পর তারা সবাই একসঙ্গে চলে গেছে। এটা অস্বাভাবিক, তবে এটিকে একবারের ঘটনা বলেই মনে করছি।”
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর সঙ্গে লড়াইয়ে যাবে না, এ রকম একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে না চাওয়া থেকেই ওই দলটি চলে গেছে বলে খবর হয়েছে, কিন্তু রে তা অস্বীকার করেছেন।
এসকেডি/পিআর