বিরল উপসর্গ নিয়ে নিউইয়র্কে তিন শিশুর মৃত্যু, সন্দেহ করোনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৪ এএম, ১০ মে ২০২০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিরল প্রদাহজনিত উপসর্গ নিয়ে মারা গেছে তিনটি শিশু। ধারণা করা হচ্ছে, এর সঙ্গে নভেল করোনাভাইরাসের যোগসূত্র রয়েছে।

শনিবার নিয়মিত ব্রিফিংয়ে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো জানান, তিনি সাম্প্রতিক সময়ে টক্সিক শক ও কাওয়াসাকি রোগের উপসর্গের মতো লক্ষণ বেড়ে যাওয়া নিয়ে চিন্তিত। এর মধ্যে রয়েছে রক্তনালীতে প্রদাহ, চামড়ায় র‌্যাশ, গ্রন্থি ফুলে ওঠা, আর গুরুতর অবস্থায় হৃদযন্ত্রের ক্ষতির মতো উপসর্গগুলো।

কুয়োমো জানান, গত শুক্রবার নিউইয়র্কে তিনটি শিশু এ ধরনের লক্ষণ নিয়ে মারা গেছে। এর মধ্যে পাঁচ বছরের একটি শিশু রয়েছে যে কি না করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল।

নিউইয়র্কের গভর্নর জানান, তার অঙ্গরাজ্যে আরও ৭৩ জন একই ধরনের উপসর্গযুক্ত রোগীকে পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তবে এসব লক্ষণ করোনা সংক্রমণের কারণেই হয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়।

newyork

এক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে, এতদিন শিশুদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে যে কম ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছিল, সেটি আর না-ও হতে পারে। অর্থাৎ শিশুদের মধ্যেও ব্যাপক হারে এই ভাইরাস সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়েছে।

কুয়োমো বলেন, ‘আমরা এ বিষয়ে এখনও নিশ্চিত নই। শিশুদের মধ্যে কাওয়াসাকি রোগ বা টক্সিক শকের মতো উপসর্গ দেখা যাচ্ছে। এটা খুবই সম্ভব যে তারা কয়েক সপ্তাহ ধরে এসব উপসর্গে ভুগছে এবং এখনও করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়নি।’

তিনি জানান, এসব উপসর্গের কোনও ধরনের জিনগত ভিত্তি আছে কি না তা পরীক্ষার জন্য স্বাস্থ্য কর্মকর্তারা নিউইয়র্ক জিনোম সেন্টার ও রকফেলার ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে কাজ করছেন। তাদের এসব লক্ষণ চিহ্নিতকরণ ও চিকিৎসার জন্য একটি মানদণ্ড নির্ধারণ করতে বলেছে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

সূত্র: রয়টার্স

কেএএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।